বেতনই বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকমতো খেলতে না পারলে খেলোয়াড়দের কত প্রলোভনই তো দেয় ক্লাবগুলো। তবে সিলভিও বেরলুসকোনির সম্ভবত ওসব প্রণোদনা-তত্ত্বে বিশ্বাস নেই। এসি মিলান সভাপতি উল্টো খেলোয়াড়দের দিলেন ধমক—খেলতে না পারলে বেতনই দেবেন না! গত পরশু স্কাই স্পোর্টস ইতালিয়াতে প্রকাশিত একটি ভিডিওতে বেরলুসকোনিকে এমন ধমকাতে দেখা গেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে ব্যর্থ হলো মিলান। ক্লাবের স্পনসরদের সঙ্গে সভায় বেরলুসকোনি তাই খেলোয়াড়দের বললেন, ‘দেখো, তোমরা ভালো না খেললে এই ভদ্রলোকেরা (স্পনসর) আর টাকা দেবেন না। তখন আমি তোমাদের কাছ থেকেই টাকা কেটে নেব। এর চেয়ে ভালো, বেতনই দেব না।’ খেলোয়াড়দের আইন-আদালতও দেখিয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী, ‘আমার বিরুদ্ধে মামলা করতে পারো। কিন্তু মীমাংসা হতে হতেই তো আট বছর লেগে যাবে।’ ইউএসএ টুডে।