রুপালি জগতের তারকাদের কথা না হয় বাদই দেওয়া গেল। ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে কি কম খবর হয়েছে! বাস্কেটবলের লেব্রন জেমস থেকে শুরু করে রাশার্ড লুইস, বেসবলের ম্যাট কেম্পেরও নাম শোনা গেছে। একেক সময় একেক জনের নামের সঙ্গে বারবাডিয়ান পপতারকা রিয়ানার প্রেম নিয়ে দিস্তার পর দিস্তা লিখেছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। এবার ডেইলি মেইল-এর খবর, রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার সঙ্গে প্রেম করছেন রিয়ানা! ফুটবল মৌসুম শেষে ছুটি কাটাতে বেনজেমা এখন আমেরিকায়। সেখানেই বিভিন্ন জায়গায় দেখা গেছে দুজনকে। শনিবার ক্যালিফোর্নিয়ার গিওর্গি বলদি রেস্টুরেন্টে একত্র হয়েছিলেন তাঁরা। তারও আগে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের এক ক্লাবে দেখা যায় তাঁদের। ধারণা করা হচ্ছে, ২০১৪ ফিফা বিশ্বকাপ থেকেই দুজনের সম্পর্ক। অনুমানের চৌহদ্দি পেরিয়ে সম্পর্কটা বাস্তবে রূপ নেয় কি না সেটাই এখন দেখার! ইয়াহু নিউজ।