বেনজেমা বলছেন 'ভুল-বোঝাবুঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে এর চেয়ে বাজে সময় আর কখনো আসেনি করিম বেনজেমার। ফ্রেঞ্চ স্ট্রাইকার নিজে চোট আর ফর্মের সঙ্গে যুঝছেন। দল রিয়াল মাদ্রিদও খুব একটা ভালো করতে পারছে না। সঙ্গে যোগ হয়েছে তাঁর ব্যক্তিগত ঝামেলা। সতীর্থ ম্যাথু ভালবুয়েনা ও বান্ধবীর অন্তরঙ্গ সময়ের ভিডিও মুঠোফোনে ধারণ করে নিয়ে চাঁদাবাজির অভিযোগ ঝুলছে তাঁর মাথার ওপর।

আত্মপক্ষই সমর্থন করছেন বেনজেমা। বলছেন পুরোটাই ছিল ভুল-বোঝাবুঝি। কোর্টে জবানবন্দিতে রিয়াল স্ট্রাইকার বলেছেন, ‘এটা পুরোটাই ভুল-বোঝাবুঝি ছিল। শুরু থেকেই আমি ভালবুয়েনাকে বিষয়টি জানাতে চেয়েছি, ওকে সাহায্য করতে চেয়েছি। কারণ আমার নিজের সঙ্গেও এমন ব্যাপার ঘটেছে। ও আমার ফ্রান্স সতীর্থ, বন্ধুও বটে।’

বেনজেমার দাবি, পুরো বিষয়টাতে মধ্যস্ততা করেছে আরেক করিম—করিম জেনাতি, যিনি বেনজেমারই বন্ধু। এই জেনাতিই চাঁদাবাজদের সঙ্গে ভালবুয়েনার যোগসূত্র হিসেবে কাজ করেছেন। বেনজেমাকে ভিডিওটির কথা জানিয়েছেন তিনিই। এই বন্ধুকে ‘বিশ্বস্ত’ জানিয়ে বেনজেমা বললেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তবে জেনাতি আমাকে বলেছিলে এটি বেশ গুরুতর। আমিও ওর কথার ওপর ভিত্তি করেই ম্যাথু জানিয়েছি।’ জেনাতির সঙ্গে তাঁর ফোনালাপটা নিছকই মজা ছিল বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার। ভালবুয়েনাকে অশ্রাব্য গালি দিয়েছেন, এমনটাও মানেননি বেনজেমা, ‘এখনকার যুবকেরা তাদের বন্ধুদের আদর করেই এমন গালি দেয়।’ মার্কা।