বেনজেমাই জিতছেন ইউরো, পাত্তা পাচ্ছেন না রোনালদো?
দুই বন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যস্ত হয়ে উঠেছিল কাল। বহুদিন পর দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর মাঠে আর কখনো দেখা হয়নি করিম বেনজেমার সঙ্গে। জুভেন্টাস ও রিয়াল কোনো প্রতিযোগিতায় (নির্দিষ্ট করে বললে চ্যাম্পিয়নস লিগ) মুখোমুখি হয়নি গত তিন মৌসুমে। গতকাল ইউরোর গ্রুপ পর্বে ফ্রান্স-পর্তুগাল ম্যাচটা তাই হয়ে উঠেছিল রোনালদো-বেনজেমার পুনর্মিলনীর মঞ্চ।
মঞ্চের আলোটা দুজনই ভাগাভাগি করে নিয়েছেন। দুজনই দুটি করে গোল করেছেন। ম্যাচে, মাঝবিরতিতে, ম্যাচের শেষে তাঁদের দুজনের একসঙ্গে গল্প করার কিংবা এক একজনের গোলের পর অন্যের হাসিমুখ রিয়াল সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে। ম্যাচ থেকে সম্ভাব্য সেরা ফলটাও আদায় করে নিয়েছেন দুজন। ‘গ্রুপ অব ডেথ’ থেকে সেরা দুই দল হিসেবে শেষ ষোলোতে উঠে গেছে ফ্রান্স ও পর্তুগাল।
হাতে হাত ধরে একই সঙ্গে শেষ ষোলোতে উঠলেও দুই দলের ভাগ্য এরপর বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। অন্তত ক্রীড়া প্রযুক্তি নিয়ে কাজ করা স্ট্যাটস পারফর্ম বলছে, ইউরো জিতবে ফ্রান্স। আর বর্তমান চ্যাম্পিয়নদের গোনায় ধরাই হচ্ছে না। পর্তুগালের চেয়ে ইউরো জেতার সম্ভাবনায় এগিয়ে আছে আরও সাত দল।
ফেবারিট হিসেবে ইউরো শুরু করেছে ফ্রান্স। জার্মানি, পর্তুগালের গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবেই শেষ ষোলোতে উঠেছে। কিন্তু নিজেদের শক্তির সেরা রূপ এখনো দেখাতে পারেনি দলটি। কিন্তু প্রতিভায় ভরা দলটিকে এখনো এগিয়ে রাখছে স্ট্যাটস পারফর্ম। বিভিন্ন দলের শক্তিমত্তা, পারফরম্যান্স বিবেচনা করে তাদের সফলতার সম্ভাবনা বিচার করে দেখে এই প্রতিষ্ঠান। তাদের চোখে ফ্রান্সের ইউরো জেতার সম্ভাবনা এখনো সবচেয়ে বেশি। গতবার ফাইনালে হারলেও এবার নাকি ফ্রান্সের শিরোপা জেতার সম্ভাবনা ১৯.৬ শতাংশ।
সম্ভাবনার দিক থেকে এরপরই বেলজিয়াম। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা দলটিতেও প্রতিভার অভাব নেই। এ দলের একমাত্র দুর্বলতা দলটির রক্ষণ। তবু এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের মতো আক্রমণভাগ থাকলে আত্মবিশ্বাসী হওয়াই যায়। স্ট্যাটস পারফর্মও তাদের জেতার সম্ভাবনা ১৭.৯ শতাংশ বলছে।
নিজেদের সেরা রূপ দেখাতে গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করেছে স্পেন। স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া স্পেনের সম্ভাবনা তাই বেশ ভালো (১২.৯%)। সম্ভাবনার দিক থেকে এরপরই আছে ১৯৯৬ ইউরো বিজয়ী জার্মানি (৯.৩%)। গ্রুপ পর্বে কঠিন পরীক্ষা দেওয়া জার্মানির ফাইনাল পর্যন্ত পথ অবশ্য অন্যদের তুলনায় বেশ সহজ।
গ্রুপ পর্বে দারুণ খেলা নেদারল্যান্ডস আছে এরপর (৮.৫%)। এখনো পর্যন্ত মন ভরাতে না পারা ইংলিশদেরও সমান সম্ভাবনা। সে তুলনায় ভালো ফুটবল খেললেও ড্রয়ের কঠিন দিকে পড়ে যাওয়া ইতালির সম্ভাবনা একটু কম (৮%)। শেষ ষোলোতে বেলজিয়াম–বাধা পেরোতে পারলে কোয়ার্টারে ইতালির মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। আর সে বাধা পেরোলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে থাকবে ফ্রান্স, স্পেন বা ক্রোয়েশিয়ার মতো প্রতিপক্ষ। তাই পর্তুগালের সম্ভাবনা বেশ কম (৫.৮%) বলেই ধারণা করছে স্ট্যাটস পারফর্ম।
সম্ভাবনার দিক থেকে বাদ বাকি দলগুলোর অবস্থা বেশ খারাপ। এমনই অবস্থা যে বাকিদের কেউ ইউরো জয় করলে স্ট্যাটস পারফর্মের চোখে সেটা অঘটন বলেই মনে হবে। ভয়ংকর ধাক্কা খেয়ে ইউরো শুরু করেও শেষ ষোলোতে উঠে যাওয়া ডেনমার্কের সম্ভাবনা তবু পর্তুগালের কাছাকাছি (৩.৬%)। কিন্তু সুইডেন (১.৯%), সুইজারল্যান্ড (১.১%), ইউক্রেন (১.১%), ওয়েলস (০.৮%), চেক প্রজাতন্ত্র (০.৫%), ক্রোয়েশিয়া (০.৫%), ও অস্ট্রিয়ার (০.১%) ইউরো জেতার সম্ভাবনা যে একেবারেই বলার মতো নয়।
ওদিকে ইউরো জেতার সম্ভাবনায় জার্মানি ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকলেও, শেষ ষোলোতে এ দুই দলের লড়াইয়ে ইংল্যান্ডকেই (৫৪.৬%) এগিয়ে রাখা হচ্ছে। তবে সম্ভাবনার দিক থেকে সবচেয়ে জমজমাট ম্যাচ হিসেবে এ ম্যাচকেই দেখা হচ্ছে। কারণ, বেলজিয়াম ও পর্তুগালের ম্যাচে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ৬৭.৩% দেখানো হচ্ছে। অর্থাৎ রোনালদোদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৩২.৭%। ওদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে স্পেন (৮১%)। স্বভাবতই শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে (১৯%)।