বেনজেমাও তুললেন বর্ণবৈষম্যের অভিযোগ

বর্তমানে ফ্রান্সের সেরা স্ট্রাইকার কে? খুব একটা ভাবতে হবে না। উত্তরটি পরিষ্কার, করিম বেনজেমা। কিন্তু নিজের দেশে অনুষ্ঠেয় ইউরোপেই দলে জায়গা হয়নি তাঁর! না, চোট বাধা হয়ে দাঁড়ায়নি। সতীর্থের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন বেনজেমা। তবে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের অভিযোগ, ওসব কিছু নয়, আসল কারণ তিনি নাকি বর্ণবাদের শিকার!
কিছুদিন আগেই এরিক ক্যান্টোনা এই অভিযোগ তুলেছিলেন। ইউরোর ফ্রান্স দলে বেনজেমা ও নিস ফরোয়ার্ড হাতেম বেন আরফাকে না দেখে নিজের বিস্ময় লুকাননি সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার। বেনজেমা ও বেন আরফা দুজনই উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মনে করিয়ে দিয়ে দলের কোচ দিদিয়ের দেশমের দিকে বর্ণবৈষম্যের অভিযোগ তুলেছেন ক্যান্টোনা। সে জন্য তাঁর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন দেশম।
কিন্তু বেনজেমাও এবার ক্যান্টোনার সঙ্গে সুর মেলালেন, ‘ফ্রান্সের বর্ণবাদী অংশের সামনে মাথা নুইয়েছেন তিনি (দেশম)। আমার তো তাঁর সঙ্গে কোনো সমস্যা হয়নি, তাই আমি জানি না সিদ্ধান্তটা উনি নিজে নিয়েছেন কি না। খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’
এ মৌসুমে বেনজেমার পরিসংখ্যান তাঁর পক্ষেই কথা বলছে। তাঁর অনুপস্থিতিতে মূল স্ট্রাইকার হিসেবে যাঁরা খেলবেন, সেই অলিভিয়ের জিরু ও আতোয়ান গ্রিজমানের তুলনায় অনেক ভালো পারফরম্যান্স বেনজেমার। এ মৌসুমে ৫৪ ম্যাচে ২৪ গোল জিরুর। আর ৩২ গোল করেছেন গ্রিজমান। অন্যদিকে, চোটের কারণে মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে কাটিয়ে ২৮ গোল বেনজেমার, মাত্র ৩৬ ম্যাচেই।
তবে বেনজেমাকে তো বাদ দেওয়া হয়েছে সতীর্থ ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার অভিযোগে। ফাঁস হওয়া এক ভিডিও টেপ নিয়ে বেনজেমা জাতীয় দলের সতীর্থকে ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ ওঠে। তখন ফ্রান্সের শীর্ষ পর্যায় থেকে বলা হয়, এই ফুটবলার যত ভালোই খেলুন না কেন, নৈতিক কারণে তাঁকে জাতীয় দলে নেওয়া ঠিক হবে না।
কিন্তু এ ব্যাপারেও যুক্তি আছে বেনজেমার। তিনি বলছেন, ‘এখনো বিচার শেষ হয়নি। আমি দোষী নই। বিচারক কী বলেন, আগে সেটি তো জানতে হবে!’ সূত্র: ইএসপিএনএফসি।