বেনজেমায় অনুজ্জ্বল রোনালদো

রিয়াল মাদ্রিদ-সতীর্থ করিম বেনজেমার কাছেই হেরে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের জার্সি গায়ে খারাপ সময়টা কেবল লম্বাই হলো সিআর-সেভেনের জন্য। কাল আন্তর্জাতিক প্রীতিম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে পর্তুগাল। ফ্রান্সের পক্ষে গোল দুটো এসেছে ওই বেনজেমা ও পল পগবার পা থেকে।
গত আট বছরে ফ্রান্সের বিপক্ষে কখনোই জয় পায়নি পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো তাদের এই দুর্গতি থেকে মুক্তি দেবেন—এমন প্রত্যাশা ছুঁয়ে গিয়েছিল পর্তুগিজদের। কিন্তু গত আটটি ম্যাচে ১৫ গোল করা রোনালদোর নিষ্প্রভ উপস্থিতি পর্তুগালকে প্রত্যাশার ধারেকাছে হাঁটতে দেয়নি।
ফরাসি কোচ দিদিয়ের দেশমের কৌশলও কাল যথেষ্ট কাজে দিয়েছে। পর্তুগিজ দল যে পুরোমাত্রায় রোনালদোর ওপর নির্ভরশীল—এটা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তিনি। দলের সেরা খেলোয়াড়টিকে অচল করে দিয়ে তিনি জয়ের পথেই হেঁটে যান অনেক দূর। বেনজেমা ও পগবা কেবল বাকি কাজটাই সেরেছেন।
খেলার শুরুতেই (দুই মিনিট) ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নেন বেনজেমা। এর আগে অবশ্য আক্রমণের তোড়ে পর্তুগালের রক্ষণব্যূহকে রীতিমতো নাজেহাল করে ছেড়েছিল ফরাসি ফরোয়ার্ডরা। খেলার দ্বিতীয় মিনিটে পগবার তীব্র শট পর্তুগালের গোলরক্ষক রুই প্যাত্রিসিও কোনোমতে ফেরালেও ফিরতি বলে বেনজেমা তা জড়িয়ে দেন জালে। ৬৮ মিনিটে বেনজেমার কাছ থেকে বল পেয়েই পর্তুগিজ ডি-বক্সের মধ্যে দারুণ শটে গোল করেন পগবা।
নিষ্প্রভতার মধ্যেও গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের ৫০ মিনিটে নানির ক্রস থেকে নেওয়া তাঁর শট ফিরিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক। এর আগে, ২০ মিনিটে ফ্রান্সের রক্ষণভাগের ব্যর্থতায় গোলের দারুণ এক সুযোগ পেয়েও তাতে ব্যর্থ হন নানি।
২৮ মিনিটে বেনজেমা নিজের দ্বিতীয় গোল করার সুযোগ হেলায় হারান। অফসাইড ফাঁদ পেরিয়ে বল নিয়ে বেরিয়ে গেলেও বেশি সময় নিয়েই তিনি সুযোগটা হাতছাড়া করেন।
৬৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রান্স পরের মিনিটেই ৩-০’তে এগিয়ে যেতে পারত। কিন্তু ব্লেস মাতুইদি সুযোগটি হাতছাড়া করেন।
৭৭ মিনিটে ব্যবধান ২-১ করেন পর্তুগালের রিকার্দো কারেসমা। তবে অন্যদের ব্যর্থতায় খেলাটি নিজেদের করে নিতে পারেনি পর্তুগাল।
ম্যাচ শেষে নিজেদের এই জয়কে ‘দলগত পারফরম্যান্সের’ ফসল হিসেবে অভিহিত করেছেন ম্যাচের সেরা খেলোয়াড় বেনজেমা, ‘দারুণ একটা জয় পেলাম আমরা। পুরোটাই দলগত পারফরম্যান্সের ফসল। তবে ম্যাচটা শুরু থেকেই আমরা নিয়ন্ত্রণ করেছি।’
বেনজেমাকে তৃপ্তি দিচ্ছে রিয়াল-সতীর্থ রোনালদোকে ছাপিয়ে যাওয়া, ‘রোনালদো তো একজন গ্রেট খেলোয়াড়। তাঁকে বোতলবন্দী করে এই জয় কৌশলী ফুটবলেরই বিজয় বলতে পারেন। ধন্যবাদ রাফায়েকে। সে রোনালদোকে পাহারা দিয়ে গেছে দারুণভাবেই।’ সূত্র: এএফপি।