বেনজেমার গোলে রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের বিপক্ষে কাল রিয়ালের ‘ত্রাতা’ বেনজেমা ছবি: এএফপি।
লিভারপুলের বিপক্ষে কাল রিয়ালের ‘ত্রাতা’ বেনজেমা ছবি: এএফপি।

অ্যানফিল্ডের পারফরম্যান্সই রিয়ালকে এগিয়ে রেখেছিল যোজন ব্যবধানে। সান্তিয়াগো বার্নাব্যুতে লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় পর্বের জয়টা ছিল তাই প্রত্যাশিতই। সমর্থকদের প্রত্যাশামতোই কাল রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ১-০ গোলে। প্রথমার্ধে রিয়ালের ফরাসি স্ট্রাইকারের গোলই নিশ্চিত করে দেয় লস ব্লাঙ্কোসদের শেষ ষোলো যাত্রা।

কাল অদ্ভুতুড়ে এক একাদশ নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল। প্রথম একাদশে ছিলেন না স্টিভেন জেরার্ড ও মারিও বালোতেল্লির মতো খেলোয়াড়েরা। দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার মূল কারণটা অবশ্য ইংলিশ লিগ। শনিবারই যে চেলসির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে লিভারপুল।

তার মানে অ্যানফিল্ডে ৩-০ গোলের পরাজয়ের পর মাদ্রিদের ফিরতি পর্ব নিয়ে একেবারেই ভাবেনি লিভারপুল। ভাবনা-টাবনা নয়, এই ম্যাচ নিয়ে আশাবাদী হওয়ার কোনো কারণই খুঁজে পাননি ব্রেন্ডন রজার্স। বার্নাব্যুতে দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে ৪ গোলের ব্যবধানে হারানো যে লিভারপুলের কম্ম নয়, সেই ব্যাপারটি আগেই বুঝে ফেলেছিলেন রজার্স। তাই তো দলের সেরা খেলোয়াড়দের প্রথম একাদশে খেলিয়ে চেলসির বিপক্ষে ম্যাচের আগে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।

রজার্স অবশ্য একাদশ নিয়ে সমালোচনা উড়িয়েই দিয়েছেন। বলেছেন, ‘আমার বরং খারাপ লাগছে—এই ম্যাচটা থেকে আমরা কিছুই পেলাম না।’ তবে দল কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। দল ভালো খেলাতেই মূলত রজার্সের কণ্ঠে আফসোসের সুর।
আফসোসের ব্যাখ্যাটা রজার্স দিয়েছেন বেশ বিশদভাবেই, ‘দেখুন, রিয়াল মাদ্রিদ সম্প্রতি যে ফুটবল খেলছে, তাতে তাদের সঙ্গে ম্যাচগুলোয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে মারা যাচ্ছে খেলার ২০-৩০ মিনিট না যেতেই। সেই তুলনায় আজ আমার ছেলেরা দুর্দান্ত ফুটবলই খেলেছে। আমরা রিয়ালকে প্রতিরোধ করেছি। আমার আফসোসটা হলো, ম্যাচটা অমীমাংসিত রাখতে না পারার কারণে।’

ক্রিস্টিয়ানো রোনালদো কাল রাতটি কাটিয়ে দিয়েছেন ৭১তম গোলের প্রত্যাশাতেই। তাঁর বেশ কয়েকটি শট দারুণ কারিশমায় রুখে দেন লিভারপুল গোলরক্ষক সিমন মিগনলেট। ম্যাচের ২৭ মিনিটে মার্সেলোর পাস থেকে দারুণ স্লাইডে বল জালে জড়িয়ে দেন বেনজেমা।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য দলের পারফরম্যান্সে কাল পুরোপুরি খুশি হতে পারেননি। বলেছেন, এই জয়ে রিয়ালের সহজাত আগ্রাসনটা অনুপস্থিত ছিল। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন দল খুব সহজেই শতভাগ রেকর্ড নিয়ে শেষ ষোলোয় পৌঁছে যাওয়াতে। সূত্র: এএফপি।