বেনজেমার জোড়া-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবাওয়ের বিপক্ষে রোনালদোর একটি প্রচেষ্টা। ছবি: এএফপি।
বিলবাওয়ের বিপক্ষে রোনালদোর একটি প্রচেষ্টা। ছবি: এএফপি।

মৌসুমের শুরুটা রিয়াল করেছিল পয়েন্ট ভাগাভাগি করে। কিন্তু সেই রিয়ালই উঠে এসেছে লিগ তালিকার শীর্ষে। বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে তারা করিম বেনজেমার জোড়া গোলে। এটি লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর দলের টানা চতুর্থ জয়।
খেলার শুরুতে বিলবাও একটু চাপ সৃষ্টি করলেও নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় নেয়নি রাফায়েল বেনিত্তেজের দল। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি তাদের। ১৯ মিনিটেই বিলবাওয়ের সান হোসের মারাত্মক এক ভুলে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন বেনজেমা। গোলরক্ষকের উদ্দেশে বাড়ানো হোসের শটটি গোলরক্ষকের কাছে পৌঁছানোর আগেই তা ধরে ফেলেন বেনজেমা। সেই বল গোলে পাঠাতে এতটুকু ভুল হয়নি তাঁর।
গোল করে এগিয়ে যাওয়ার পরে নিজেদের লিডটাকে আরও বড় করার সুযোগ হাতছাড়া করেন রোনালদো-বেনজেমা দুজনেই। প্রথমবার সুযোগ নষ্ট করেন রোনালদো। পরের বার বেনজেমা। বেনজেমার সুযোগটি অবশ্য ছিল অনেক সহজ। বলে ছোঁয়া দিতে পারলেই গোল পেয়ে যেতেন তিনি। ২৮ মিনিটে রোনালদো-ইসকো যুগলবন্দীতে আরও একটি দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন টনি ক্রুজ। কিন্তু তিনিও বল লক্ষ্যে রাখতে পারেননি। ৩৮ মিনিটে কোভাচিচও হাতছাড়া করেন আরও একটি সুযোগ।
বিলবাওও এই সময় সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু আদুরিসের ডাইভিং হেড ফিরিয়ে দেন কেইলর নাভাস। ৬৮ মিনিটে নাভাসকে শেষ অবধি পরাস্ত করা সম্ভব হয়। এই মৌসুমে এই প্রথমবারের মতো তাঁকে পরাস্ত করার কৃতিত্ব সাবিনের। গোলটি হওয়ার আগেই এক মৌসুমে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ডটি ভেঙে দেন কোস্টারিকার এই গোলরক্ষক। নাভাসের আগে এই রেকর্ডটি ছিল রিয়ালেরই সাবেক হয়ে যাওয়া ‘ঘরের ছেলে’ ইকার ক্যাসিয়াসের।
খেলায় সমতা ফিরে আসার পর অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ৭০ মিনিটেই ইসকোর ক্রস থেকে বিলবাওয়ের জালে বল পাঠান বেনজেমা। ৭৫ মিনিটে আদুরিস প্রায় সমতা ফিরিয়েই এনেছিলেন। কিন্তু আদুরিসের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই নাভাস। ৮৫ মিনিটে রোনালদো আবারও একটি সুযোগ নষ্ট করেন। খেলার একেবারে শেষলগ্নে গার্সিয়ার হেড নাভাস ফিরিয়ে দিলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় রিয়াল। সূত্র: এএফপি।