বেনজেমার পাশে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না। সতীর্থকে অনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগে ফ্রান্স জাতীয় দলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। সামনের বছর দেশের মাটিতে ইউরোতেও হয়তো করিম বেনজেমাকে দর্শক হয়ে থাকতে হবে। তবে এই সংকটে ক্লাব রিয়াল মাদ্রিদকে পাশেই পাচ্ছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
মাঠের বাইরে সংকটে থাকলেও মাঠে সেটির ছাপ একদমই নেই। বরং বেনজেমা যেন আরও বেশি তেতে উঠেছেন, রিয়ালের হয়ে গত দুই ম্যাচে করেছেন ৫ গোল। মালমোর সঙ্গে গত ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ তো এই বেনজেমাকেই চাইবেন। কাল যেমন বললেন, ‘আমরা সবাই করিমের প্রতি আমাদের শতভাগ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ব্যক্তিগতভাবেও তাই মনে করি। মানুষ হিসেবেও আমি ওকে দারুণ বলেই জানি।’
রিয়ালে এমন খেললে অবশ্য বেনজেমার জাতীয় দলে না খেলায় রিয়াল অখুশি হবে না! বেনিতেজ সেটি প্রকারান্তরে স্বীকারও করে নিলেন, ‘সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সে নির্ভার থেকে এ রকম গোল করে যাক। আমার ভাবনা এটা নিয়েই।’ এএফপি।