বেনজেমার বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করিম বেনজেমার বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। জাতীয় দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ভয় দেখিয়ে অর্থ দাবি করেছেন! কাল ফরাসি পুলিশ চাঁদাবাজি মামলায় অভিযোগও গঠন করেছে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকারের বিরুদ্ধে। পরে বেনজেমা ও ভালবুয়েনা দুজনকে ছাড়াই পরবর্তী দুটি ম্যাচের জন্য ফ্রান্স দলের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। ফ্রান্স কোচ অবশ্য দাবি করেছেন, চোটের কারণে এমনিতেই দলে থাকতেন না বেনজেমা। এই মাসের শেষে জার্মানি ও ইংল্যান্ডের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স।
ভালবুয়েনা ও তাঁর বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্তের মুঠোফোনে ধারণ করা ভিডিও পড়ে অজ্ঞাত তিন ব্যক্তির হাতে। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভালবুয়েনার কাছ থেকে চাঁদা দাবি করে তাঁরা। আর এই কাজে বেনজেমাকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ওই তিনজন। পুলিশের হাতে আটক হয়েছেন তিনজনই। পরশু ভার্সাইয়ে আটক করা হয় বেনজেমাকেও। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে বেনজেমা নাকি মধ্যস্থতা করার কথা স্বীকারও করেছেন। আদালতে দোষী প্রমাণিত হলে কমপক্ষে পাঁচ বছরের জেল হয়ে যেতে পারে বেনজেমার। এএফপি।