বেনিতেজ -যুগে কমে যাবে রোনালদোর গোল!

ক্রিস্টিয়ানো রোনালদো নয়, গ্যারেথ বেলকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে নতুন রিয়াল মাদ্রিদ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কথা বলে এই পরিকল্পনার কথাই জানিয়েছেন নতুন কোচ রাফায়েল বেনিতেজ। পেরেজ-বেনিতেজ দুজনই একমত, ৩০ বছর বয়সী রোনালদো নয়, ২৫ বছর বয়সী বেলই রিয়ালের ভবিষ্যৎ।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফের খবর এমনটাই। আর সত্যি সত্যি সেটা হলে রোনালদোকে সেন্টার ফরোয়ার্ডের জায়গা বেলকে ছেড়ে দিতে হবে। এই মৌসুমে উইঙ্গারের চেয়ে রোনালদো অনেক বেশি মূল স্ট্রাইকারের ভূমিকায় খেলেছেন। সেই ভূমিকায় দেখা যাবে বেলকে। রোনালদোকে ফিরে যেতে হবে উইংয়ে। গোল করার চেয়ে আক্রমণ তৈরিতে বেশি মনোযোগ দিতে হবে। শুধু গার্ডিয়ান নয়, আরেক প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট শিরোনাম করেছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো নয়, গ্যারেথ বেলই হবেন রাফা বেনিতেজের প্রধান ভরসা’।
ইংলিশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, বেনিতেজের এই পরিকল্পনা খুবই ঝুঁকিপূর্ণ। ডেইলি মেইল যাকে বলছে ‘হাই-রিস্ক স্ট্র্যাটেজি’। ঝুঁকির কারণ দুটো। প্রথমত এটি রোনালদোকে খেপিয়ে তুলতে পারে। এতে করে রোনালদোর গোল করার হার কমে যাবে। আগের মতো উইং থেকে আক্রমণ করে ক্রমাগত গোল করা রোনালদোর পক্ষে আর সম্ভব নয়। বয়স নির্মম এক বাস্তবতা।
দ্বিতীয় কারণ, রোনালদোর মতো গোলের নিশ্চয়তা বেল দিতে পারবে কি না, এই সংশয়। রিয়ালের ক্যারিয়ারে রোনালদো ৩০০ ম্যাচে করেছেন ৩১৩ গোল। বেল তাঁর ক্যারিয়ারের সেরা মৌসুমেও (২০১২-১৩, টটেনহামের হয়ে) ৪৪ ম্যাচে করেছিলেন ২৬ গোল। রোনালদোর ম্যাচ প্রতি গোলের হার যেখানে একেরও বেশি, সেখানে বেলের সর্বোচ্চ অর্জন শূন্য দশমিক ৫৯। মেইল তাই লিখেছে, ‘সমালোচকেরা যতই রোনালদোকে স্বার্থপর বলুক, তিনি কিন্তু সেই দায়িত্বটাও নেন। তিনি শুধু বলই চান না, সেটাকে গোলে রূপান্তরিতও করেন, আর বেশ রোনালদোর মতো স্ট্রাইক রেটের নিশ্চয়তা দিতে পারেন না।’
কিন্তু বেনিতেজের চেয়ে পেরেজেরই নাকি উৎসাহ এতে বেশি। বেলকে রেকর্ড দামে কিনে আনার পর থেকে রিয়াল সভাপতি চাপে আছেন এই দামের যৌক্তিকতা প্রমাণের জন্য। আর তাই এখন যে ‘স্ট্যাটাস’ ভোগ করেন রোনালদো, টেলিগ্রাফের মতে, সেই ‘অস্পর্শনীয়’ বা ‘আনটাচেবল’ হতে চলেছেন বেল। বেলের ভেতর থেকে সেরাটা বের করে আনতে তাঁকে সেখানেই খেলানো হবে, বেল নিজে যেখানে খেলতে চাইবেন।
টেলিগ্রাফের প্রতিবেদনে এও লেখা হয়েছে, নতুন এই পরিকল্পনায় যদি রোনালদো খাপ খাইয়ে নিতে না পারেন, তবে তাঁকে বিক্রিও করে দিতে পাবেন বেনিতেজ। সেটা এই মৌসুমে হচ্ছে না, তা নিশ্চিত। তবে এই মৌসুমেই রিয়াল বেচে দিতে পারে স্ট্রাইকার করিম বেনজেমাকে।