বেনিতেজ ছাঁটাই, নতুন দায়িত্বে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিতেজকে বিদায় নিতে হলো। রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান। ফাইল ছবি
বেনিতেজকে বিদায় নিতে হলো। রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান। ফাইল ছবি

গুঞ্জনটা শোনা যাচ্ছিল কয়েক দিন থেকেই। কিন্তু সেটা এত দ্রুত সত্যি হবে, সেটা অনেকেই হয়তো ভাবতে পারেননি। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিতে হলো রাফায়েল বেনিতেজকে। পরবর্তী কোচ কে হবেন, সেটি এখনো জানা যায়নি। তবে জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদের বি দল কাস্তিয়ার কোচ জিনেদিন জিদানই আপাতত দায়িত্ব নিতে পারেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রাফার ​বহিষ্কার আর জিদানের দায়িত্ব নেওয়াটা এক রকম নিশ্চিতই করে দিয়েছে স্পেনের সব গণমাধ্যম।

এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরেই বেনিতেজকে বহিষ্কারের জোর গুঞ্জন উঠেছিল। তখন অবশ্য সংবাদ সম্মেলন করেই পেরেজ জানিয়েছিলেন, তাঁরা বেনিতেজের পাশেই আছেন। কিন্তু সেই আস্থাটা দুই মাসও স্থায়ী হলো না। গতকাল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার খেসারতটাই দিতে হলো বেনিতেজকে।

তবে শুধু দলের ফল নয়, বেনিতেজকে সম্ভবত খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক অবনতিরও মূল্য দিতে হলো। করিম বেনজেমা, ইসকো, ক্রুস, রদ্রিগেজদের সঙ্গে বেনিতেজের টানাপোড়েন চলছিল বলে দাবি করেছে স্প্যানিশ প্রচারমাধ্যম। বার্নাব্যুতেও প্রতি ম্যাচেই দুয়ো শুনতে হচ্ছিল, এমনকি ভায়েকানোর সঙ্গে ১০-২ গোলের জয়ের পরও। বেনিতেজ নিজেই দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 

কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে দুবার এগিয়ে গিয়েও ড্র করার পর সার্জিও রামোস যা বলেছিলেন, তাতেই লুকানো ছিল খেলোয়াড়দের সঙ্গে বেনিতেজের সম্পর্কের আসল চেহারা। রিয়াল অধিনায়ক বলেছেন, ‘তাঁর ভবিষ্যৎ​ তো আমাদের হাতে নেই। তবে যেই কোচ হন না কেন, খেলোয়াড়দের আস্থা তাঁকে অর্জন করতেই হবে। সেটা রাফাই হন, কিংবা অন্য কেউ।’
জিদান নতুন কোচ হলে কিংবদন্তি এই খেলোয়াড়ের এটাই হবে পূর্ণ কোচ হিসেবে ক্যারিয়ারের শুরু। ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়া, প্রায় একাই আরও একটি বিশ্বকাপ ফাইনালে তুলে দেওয়া জিদান কি পারবেন রিয়ালকে কক্ষপথে ফেরাতে?