বেনিতেজের চাকরি হারানোর ৫ কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালে কখনোই ঠিক গুছিয়ে উঠতে পারেননি বেনিতেজ। ছবি: এএফপি
রিয়ালে কখনোই ঠিক গুছিয়ে উঠতে পারেননি বেনিতেজ। ছবি: এএফপি

চাকরি হারিয়েছেন। এই মুহূর্তে মন মেজাজ বেশ খারাপ থাকার কথা রাফায়েল বেনিতেজের। তবে এর মধ্যেও ভালো কিছু খুঁজতে গেলে বড় একটা শান্তির নিঃশ্বাসই ফেলবেন সদ্য সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। দীর্ঘ ২১৬ দিনের অসহনীয় চাপ থেকে যে মুক্তি পেলেন। কোচিং ক্যারিয়ারে আর কখনোই এত বেশি চাপ, এত বেশি তারকা খেলোয়াড় সামলানোর ধকল সইতে হয়নি এই স্প্যানিশ কোচকে। গত পরশু তাঁকে বরখাস্ত করে এই ধকল থেকে ‘মুক্তি’ দেওয়ার জন্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে বড় একটা ধন্যবাদই দিতে পারেন বেনিতেজ।


রিয়ালে তাঁর প্রথম দিন থেকেই আসলে ‘বেনিতেজ কবে বরখাস্ত হচ্ছেন’ এমন একটা আলোচনা ছিল। ক্লাবের সমর্থকেরা কখনোই তাঁকে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার যোগ্য ভাবেননি। শেষ দিন পর্যন্তও সমর্থকদের এমন ভাবনাকে পাল্টাতে না পারার খেসারত দিতে হলো বেনিতেজকে। সাত মাসের মধ্যে, মাত্র ২৫টি ম্যাচের পরই পাততাড়ি গুটাতে হলো রিয়াল থেকে।

শুধু সমর্থকদের মন জিততে পারার ব্যর্থতাই নয়, আরও অনেকগুলো কারণই আছে বেনিতেজের ব্যর্থ হওয়ার। সংবাদ সংস্থা এএফপির ক্রীড়া দল এমন পাঁচটি কারণ খুঁজে বের করেছে যেগুলো বেনিতেজের রিয়াল মাদ্রিদ জীবনে ‘ক্যান্সারে’র ভূমিকায় ছিল -


ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ নিতে না পারা:
কার্লো আনচেলত্তির নরম শাসনের কারণেই গত মৌসুম কেটেছে শিরোপা শূন্য - রিয়াল সভাপতি পেরেজের এমন ভাবনা থেকেই ‘শক্ত’ কোচ বেনিতেজের আগমন। কিন্তু শক্ত হাতে নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, রিয়ালের ড্রেসিং রুম থেকে আনচেলত্তির ‘মায়া’ই কখনো কাটাতে পারেননি বেনিতেজ। ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ‘টেডি বিয়ার’ আনচেলত্তিকে ভুলতে পারেননি। টনি ক্রুস, সার্জিও রামোসরাও বারবার প্রকাশ্যেই বলে গেছেন, ইতালিয়ান কোচকে তাঁরা মিস করছেন। এসবই প্রমাণ করে, কখনো ঠিকমতো ‘ঘরে’র কর্তৃত্বটা নিজের করে নিতে পারেননি বেনিতেজ।


বড় ম্যাচে ব্যর্থতা:

২৫ ম্যাচে ১৭ জয়, হার মাত্র ৩টি। শুধু সংখ্যা দেখে মনে হতে পারে, স্প্যানিশ কোচের ওপর একটু বেশিই কঠোর ছিল রিয়াল। তিনটি হারকে ‘দুর্ঘটনা’ হিসেবেই মেনে নেওয়া যেত, যদি সেগুলো হঠাৎ কোনো ছোট দলের সঙ্গে হোঁচটের মতো হতো। কিন্তু ৩টি হারই এসেছে বড় দলের সঙ্গে। বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৪-০ গোলের লজ্জা তো আছেই, বেনিতেজের রিয়াল হেরেছে সেভিয়া ও ভিয়ারিয়ালের কাছেও। জিততে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। রিয়ালের মতো ক্লাবের বড় ম্যাচগুলোতে এমন ব্যর্থতা কখনোই মেনে নেওয়ার কথা নয়।


মাঠের বাইরের দুর্ঘটনা:

মাঠের দুর্দশার সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের বাজে ঘটনাগুলোও। ম্যাথিউ ভালবুয়েনাকে সেক্স টেপ ফাঁস করার ভয় দেখিয়ে করিম বেনজেমার ব্ল্যাকমেইলের অভিযোগ রিয়াল মাদ্রিদের ইমেজে কালি লেপে দিয়েছে। এই দুদিন আগে পুলিশের সঙ্গে হামেস রদ্রিগেজের ‘নিড ফর স্পিড’ কান্ডও বেনিতেজের জন্য ছিল উটকো ঝামেলা। যদিও খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়, তবে এগুলোকে আরও ভালোভাবে সামলাতে না পারাও বেনিতেজের ব্যর্থতা।


কোপা দেল রে কলঙ্ক:

স্রেফ ভুলবশতই এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকা ডেনিস চেরিশেভকে কোপা দেল রেতে কাদিজ ম্যাচে নামিয়ে দিলেন বেনিতেজ। জরিমানা হিসেবে কাপ শিরোপার স্বপ্নটা ভাসিয়ে দিয়ে আসতে হলো, কোপা দেল রে থেকে বহিস্কার হয়েছে রিয়াল।


অতি রক্ষণাত্মক কৌশল:

দলে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। বেল-বেনজেমা আছেন। পেছনে মদরিচ, ক্রুস, ইসকো, হামেসের মতো প্রতিভাবানরা আছেন। তারপরও রক্ষণাত্মক খেলে জয় বের করে নেওয়ার চেষ্টা, বিশেষত বড় ম্যাচে! বেনিতেজের এই কৌশল কখনোই মেনে নিতে পারেননি সমর্থকেরা। সত্যি বলতে, এই রক্ষণাত্মক কৌশলে দলকে খেলাবেন - এমন চিন্তা থেকেই বেনিতেজের বিষয়ে প্রথম দিন থেকেই অখুশি ছিলেন রিয়াল সমর্থকেরা।

জিনেদিন জিদান নিশ্চয়ই এই বিষয়গুলো মাথায় রাখবেন।