বেনিতেজের সঙ্গে লেগেছে রোনালদোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিতেজ           রোনালদো
বেনিতেজ রোনালদো

সংবাদ সম্মেলনে একের পর এক তির ছুড়ে গেল রাফায়েল বেনিতেজের দিকে। ‘ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আপনার সম্পর্ক কেমন?’, ‘রোনালদোকে কি বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন?’, ‘রোনালদোর সঙ্গে ঠিক কী হয়েছিল আপনার?’, বেনিতেজকে উত্তর দিতে হলো এমন সব প্রশ্নের। রিয়াল মাদ্রিদের নতুন কোচ বিতর্কের আগুনে জল ঢালার চেষ্টা করলেন, তবে তাতে খুব সফল বলা যাচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলছেই। কিন্তু বেনিতেজের সঙ্গে কী হয়েছিল রোনালদোর, যার জন্য এত তোলপাড়?
ঘটনাটা পরশু রিয়াল মাদ্রিদের অনুশীলনে। প্রাক্-মৌসুম প্রস্তুতিতে রিয়াল এখন অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে অনুশীলনের সময় রোনালদোর একটা গোল অফসাইডের কারণে বাতিল করে দেন বেনিতেজ। সিআর-সেভেন রাগে গজরাতে গজরাতে বলেন, ‘সবাই পর্তুগিজদের পেছনেই লাগে’। স্প্যানিশ টিভি স্টেশন কুয়াত্রোর ভিডিওতেই ধরা পড়েছে রোনালদোর এই ক্ষোভ।
ব্যাপারটা পরে আরও বেশ কিছুদূর গড়িয়েছে। বেনিতেজ ফ্রি কিক অনুশীলন করাচ্ছিলেন। তবে বল জালে জড়ানোর বদলে ক্রসবারেই লাগাতে বলা হয়েছিল সবাইকে। রোনালদো সেটা নিয়েও বিরক্ত, ‘বল জালে জড়ানোর জন্য, বারে লাগানোর জন্য নয়।’ এক-দুটো অশ্রাব্য শব্দও রোনালদো উচ্চারণ করেছেন বলে দাবি করেছে স্প্যানিশ দৈনিক এএস।
গতকাল এএস-এর প্রচ্ছদটা বিতর্কটা উসকে দিয়েছে আরেকটু। বড় হরফে শিরোনাম ছাপা হয়েছে, ‘স্ফুলিঙ্গ উড়ছে।’ কিন্তু বেনিতেজের সঙ্গে কি আসলেই রোনালদোর বনিবনা হচ্ছে না? সংবাদ সম্মেলনে রিয়াল কোচের উত্তরটা অবশ্য অনুমিতই, ‘আমার সঙ্গে অন্য খেলোয়াড়দের সম্পর্ক যেমন, ওর সঙ্গেও তাই। অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে।’ অনুশীলনে যে কিছু একটা হয়েছে, সেটা প্রকারান্তরে মেনেও নিলেন, ‘ও প্রতিদ্বন্দ্বিতা খুব পছন্দ করে, আর আমি এটাকে খুঁত হিসেবে না দেখে ইতিবাচকভাবেই দেখছি।’
সংবাদ সম্মেলনে ‘রোনালদোর অনেক গুণ আছে, এই কারণেই সে বিশ্বের সেরা খেলোয়াড়’ বলে বেনিতেজের প্রশংসাটাকেও অনেকে তির্যকভাবে দেখছেন। কারণ গত সপ্তাহেই ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় কি না’ প্রশ্নে বেনিতেজের উত্তরটা ছিল একটু অবাক করার মতো। রিয়াল কোচদের জন্য এ প্রশ্নের অনুমিত উত্তর যেখানে ‘হ্যাঁ’, বেনিতেজ বলেছিলেন, ‘সে বিশ্বের সেরাদের একজন। সেরা কে, সেটা বলা কঠিন। আমার মনে হয় ক্রিস্টিয়ানো, বেল, বেনজেমা, রদ্রিগেজ সবাই সেরাদের দলে আছে।’
বেনিতেজের দাবি অনুযায়ী মেলবোর্নের ঘটনাটা ‘বড় কিছু’ না হলেও অনেকেই এখানে অন্য একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন। রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তির খুব ঘনিষ্ঠ ছিলেন রোনালদো। তাঁর বিদায়ের গুঞ্জন চলার সময়েই টুইট করেছিলেন, ‘দারুণ কোচ, অসাধারণ মানুষ। আশা করি, পরের মৌসুমে আমরা একসঙ্গে কাজ করব।’ রোনালদোর সেই আশা পূরণ হয়নি, আনচেলত্তির জায়গায় এসেছেন বেনিতেজ। নতুন কোচকে কি রিয়াল ফরোয়ার্ড সহজভাবে মেনে নিতে পারেননি? ইএসপিএন, মার্কা, এএস।