আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। আগামীকাল সংবাদ সম্মেলনেই সেটা আসছে হয়তো। রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদের কোচ হওয়া নিয়ে এখন সংশয় খুব সামান্যই। দুই দিন আগে রিয়াল সহসভাপতি এদুয়ার্দো ফার্নান্দেজ মুখ ফসকে সেটি প্রায় বলেই ফেলেছেন। পরশু নাপোলি-অধ্যায় শেষের পর বেনিতেজও স্বীকার করলেন, মাদ্রিদে যেতে তাঁর তর সইছে না।
স্প্যানিশ দৈনিক এএস-এর কাছে বেনিতেজ বলেছেন, ‘আমি তৈরি। ওখানে যাওয়ার জন্য আমার তর সইছে না।’ কালই ব্যক্তিগত বিমানে মাদ্রিদের উদ্দেশে উড়াল দিয়েছেন। দুই পক্ষের মধ্যে চুক্তিটাও হয়ে যাওয়ার কথা কালই।
চুক্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু এখনো বলা যাচ্ছে না। তবে সেটা যে সময়ের ব্যাপার, সেটি ফার্নান্দেজের কথা থেকে বুঝে নিতে পারেন, ‘তিন দিন আগেও কার্লো ছিলেন বিশ্বের সেরা কোচ। দুই বছর আগে ছিলেন হোসে মরিনহো। এই সপ্তাহ থেকে হবেন রাফায়েল বেনিতেজ।’ এর চেয়ে খবরের ভালো সূত্র বোধ হয় আর পাওয়া সম্ভব নয়!
কিন্তু নাপোলি থেকে বিদায় নেওয়ার সময় বেনিতেজের মনটা একটু খচখচই করার কথা। শেষটা যে একদমই মনমতো হলো না। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে পরশু লাৎসিওর সঙ্গে ম্যাচটা জিততেই হতো নাপোলিকে। ৪-২ গোলে হেরে যাওয়ায় এখন খেলতে হবে ইউরোপা লিগে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে নাপোলি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতাও নিয়ে আসে। ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলার সুযোগও পেয়েছিল। কিন্তু পেনাল্টি মিস করেছেন জোড়া গোল করা গঞ্জালো হিগুয়েইন। এএফপি, গোলডটকম।