বেনিতেজের 'সিংহ' হিগুয়েইন

সিরি ‘আ’র আগের ৭ ম্যাচে কোনো গোল নেই। অথচ দলের এক নম্বর স্ট্রাইকার তিনি! সমালোচনার বিষমাখা তির একের পর এক ছুটছিল গঞ্জালো হিগুয়েইনের দিকে। কিন্তু তাঁর একমাত্র ঢাল ছিলেন কোচ রাফায়েল বেনিতেজ। এত কিছুর পরও তাঁর ওপর আস্থা রেখে বলেছিলেন, ‘ও খাঁচায় বন্দী ক্ষুধার্ত সিংহের মতো হয়ে আছে। আমার মনে হয়, ও একসঙ্গে অনেকগুলো গোল করেই সেই ক্ষুধা মেটাবে।’
তখন মনে হতে পারত, হিগুয়েইনকে উদ্বুদ্ধ করতেই এটা বলেছেন বেনিতেজ। কে জানত কোচের কথাটা এভাবে সত্যি প্রমাণ করবেন নাপোলি স্ট্রাইকার! পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচে আগের ৭ ম্যাচে গোল না পাওয়ার আক্ষেপ ঘোচালেন ৩ গোল করে। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকে নাপোলিও ৬-২ গোলে উড়িয়ে দিল ভেরোনাকে। এভাবে নিজের কথা সত্যি হতে দেখে উচ্ছ্বসিত নাপোলি কোচ বেনিতেজও। ম্যাচ শেষে রসিকতা করে বললেন, ‘আমরা আজকে হিগুয়েইনকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম, যাতে বুধবারের ম্যাচের আগ পর্যন্ত অন্তত সে শান্ত থাকে।’ কাল (বুধবার) নাপোলির পরের ম্যাচটা আটালান্টার সঙ্গে।
ওদিকে মনশেনগ্লাডবাখের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, যারা আগের ম্যাচটিতেই (চ্যাম্পিয়নস লিগে) রোমাকে উড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। দুর্দান্ত কয়েকটি আক্রমণের পরও প্রতিপক্ষের জালে বল পাঠাতে না পারায় হতাশ গ্লাডবাখের জার্মান মিডফিল্ডার ক্রিস্টফ ক্রেমার। তবে কৃতিত্বটা তিনি দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষককে, ‘যদি বায়ার্নের ম্যানুয়েল নয়্যারের মতো একজন গোলরক্ষক না থাকত, আজ ১-২টি গোল ওদের হজম করতেই হতো।’ শেষ পর্যন্ত গোল খেতে হয়নি বলে খুশি বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও, ‘জিততেই চেয়েছিলাম কিন্তু ড্রটাও আমাদের জন্য ভালো ফল। আমরা ৪ পয়েন্টের ব্যবধানে বুন্দেসলিগায় শীর্ষে আছি, সুতরাং চিন্তার কিছু নেই।’
একই রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে যৌথভাবে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে সেভিয়া। ৯ ম্যাচ পর বার্সেলোনা ও সেভিয়া দুই দলেরই পয়েন্ট ২২, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে। এএফপি, রয়টার্স।