বেল নয়, রোনালদোই!

ফুটবল লিকস নয়, মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কাই এবার বোমাটা ফাটাল। কয়েক দিন আগেই ফুটবল লিকস নামের একটি ওয়েবসাইট তথ্য দিয়েছিল, গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর সময়ও আর্থিক কারচুপি করা হয়েছে। তাদের দাবি, টটেনহাম থেকে বেলকে কিনতে রিয়াল যে দাম দেখিয়েছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে বেশি। এবার মার্কা ফাঁস করে দিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার সময় রিয়ালের প্রকৃত খরচ। আর তাদের প্রকাশ করা অর্থের অঙ্ক অনুযায়ী, বেল নন, রোনালদোই ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার!
২০১৩ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বেলকে দলে কিনেছিল রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের টটেনহাম হটস্পার থেকে বেলকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে ৯ কোটি ১০ লাখ ইউরো খরচ হয়েছিল বলে জানিয়েছিল বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবটি। কিন্তু ফুটবল লিকসের দাবি, রিয়ালের প্রকৃত খরচ ছিল ১০০,৭৫৯,৪১৭ ইউরো। এর সঙ্গে ‘সলিডারিটি ফি’ হিসেবে রিয়ালকে বাড়তি দিতে হয়েছে প্রায় ১,০১৫,৮৭৫ ইউরো। সব মিলিয়ে প্রায় ১০১,৭৭৫,২৯২ ইউরো (১০ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ২৯২ ইউরো)।
গতকাল মার্কা জানিয়েছে, ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড থেকে রোনালদোকে বার্নাব্যুতে আনতে রিয়ালকে ট্রান্সফার ফি দিতে হয় ৯ কোটি ৬৯ লাখ ইউরো। কিন্তু ইউনাইটেডের সঙ্গে রিয়ালের চুক্তি অনুযায়ী টাকাটা দেওয়া হয় তিন কিস্তিতে। এ জন্য শেষ পর্যন্ত অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৭ মিলিয়ন ইউরো (১০ কোটি ৪৭ লাখ ইউরো)।
অবশ্য কীভাবে, এসব তথ্যের উৎসমুখটি উল্লেখ করেনি মার্কা। যেভাবেই হোক, খবরটা ফাঁস হওয়ায় রোনালদো হয়তো খুশিই হবেন। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে অন্য কারও নাম শুনতে নিশ্চয়ই ভালো লাগে না তাঁর। মার্কা।