গত মৌসুমটা ভালো যায়নি। মৌসুমের দ্বিতীয়ার্ধ থেকেই ফর্ম হারিয়ে খুঁজেছেন। এবারের প্রাক-মৌসুমও হতাশায় কেটেছে গ্যারেথ বেলের। মাঝেমধ্যেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছিল। নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে ‘নাম্বার টেন’ ভূমিকায় নতুন শুরুর স্বপ্নই হয়তো দেখছিলেন। তবে শুরুতেই একটা ধাক্কা খেলেন বেল। যে সমর্থকদের মন জিততে এত কিছু, তারাই যে পারলে দল থেকে ছিটকে ফেলেন ওয়েলশ উইঙ্গারকে। এই মৌসুমে রিয়ালের একাদশ কেমন হওয়া উচিত তা নিয়ে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা একটা জরিপ করেছিল। ‘রিয়াল মাদ্রিদ সমর্থকদের শুরুর একাদশ’ নামের এই জরিপের ফল দেখাচ্ছে, বেল দলের বাইরে থাকলেই বেশি খুশি হবেন ‘মাদ্রিদিস্তা’রা। বেলের জায়গায় মূল একাদশে তাঁদের পছন্দ ইসকো। ৪-২-৩-১ ছকে ইসকোর সঙ্গে তাঁরা অ্যাটাকিং মিডফিল্ডে দেখতে চান রোনালদো আর হামেস রদ্রিগেজকে। একমাত্র স্ট্রাইকার করিম বেনজেমা। মার্কা।