বেল-বেনজেমারা গোলে ভাসালেন ভায়োকানোকে

৪-৩-২-১। না, ফুটবল মাঠের ফরমেশনের কথা বলা হচ্ছে না। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গোলসংখ্যা জানানো হলো কেবল। গ্যারেথ বেলের চার, করিম বেনজেমার তিন, রোনালদোর দুই আর দানিলোর এক। রায়ো ভায়োকানোর বিপক্ষে এভাবেই গোল উৎসবে মেতে উঠল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জেতার দিনে বুঝি ভায়োকানোর ওপর সব ঝাল ঝেড়ে দিল মাদ্রিদের দলটি।
ম্যাচের ফল নিয়ে আগ্রহ শেষ হয়েছিল প্রথমার্ধেই। আরেকটু নিখুঁতভাবে বললে ৩০ মিনিটেই। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে ৩-২ গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পেনাল্টির বাঁশি বাজানোর আগে দেখে লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন হোসে রাউল বায়েনা। ৯ জনের দলে রূপ নিল অতিথি দলটি। খেলার ১৪ মিনিটেই যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রবার্তো ট্রিগুয়েরাকেও। বার্নাব্যুতে এসে ৯ জনের দল নিয়ে রিয়ালকে সামলাতে হবে আরও ৬০ মিনিট। গোলবন্যার আভাস তো তখনই পাওয়া গিয়েছিল।
শেষ পর্যন্ত ‘মাত্র’ ১০ গোল দিয়েই ক্ষান্ত হলেন বেল-বেনজেমারা। ১৯৬০ সালের পর লা লিগায় এই প্রথম এক ম্যাচে দুই অঙ্ক ছোঁয়া গোল দিল রিয়াল।
রিয়ালের মাঠে সর্বশেষ ২০০০ সালে পয়েন্ট পেয়েছিল ভায়োকানো। ১৫ বছর পর এসে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলেছিল দলটি। মাত্র ১২ মিনিটেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ১৪ মিনিটে টনি ক্রুসকে জঘন্য একটি ফাউল করে লাল কার্ড দেখলেন ট্রিগুয়েরা। অথচ তার ২ মিনিট আগেই দলের দ্বিতীয় গোলে সহায়তা করে নায়ক বনে গিয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ২৫ মিনিটে বেল গোল পরিশোধ করে দিলেও খেলায় ভালোভাবেই ছিল ভায়োকানো। কিন্তু ২৮ মিনিটে সার্জিও রামোসকে ফাউলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়েনাকে। পেনাল্টি উপহার পায় রিয়াল। অথচ রিপ্লে দেখে কোনো প্রকারের ফাউলের ছিটে ফোটাও পাওয়া যায়নি। বিতর্কিত এক সিদ্ধান্তে বলি হয়ে সেই যে ম্যাচ থেকে ছিটকে পড়ল ভায়োকানো, তারপর আর ফিরে আসতে পারেনি দলটি।
এরপর শুধু গোল উৎসব করে বেড়িয়েছে রিয়াল। বেলের দ্বিতীয় গোলের সুবাদে প্রথমার্ধ শেষ করে ৪-২ গোলে। বিরতির পর এসেও ভায়োকানোর রক্ষণে ত্রাস ছড়িয়েছেন বেল। ক্যারিয়ারে প্রথমবারের মতো চার গোল করেছেন বেল। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে উঠে গিয়েছিলেন। তাই শেষ পর্যন্ত কটি গোল করতে পারতেন সেটি আর জানা হলো না। তবে বেলের মাঠ ছাড়ার সুযোগ নিয়ে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করে নিয়েছেন বেনজেমা।