বেল রামসেদের ইতিহাস

ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের কাজ নাকি খুব সহজ। ম্যাচের আগে খুব একটা রণ কৌশল নিয়ে ভাবতে হয় না তাঁকে, দলের সব মিটিংয়ে একটি কথা বললেই চলে। বলটা পাস দাও গ্যারেথ বেলের কাছে, সেই যা করার করবে। রসিকতা হলেও ওয়েলস দল নিয়ে অনেকের ভাবনাই এটি। বেল হতাশ করেননি কোচকে, গোল পেয়েছেন আজও। কিন্তু দল হিসেবে খেলেই রাশিয়াকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলেতে জায়গা করে নিয়েছে ওয়েলস। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন তারাই, নকআউট পর্বে তাদের সঙ্গী আপাতত ইংল্যান্ড । স্লোভাকিয়ার সঙ্গে ০-০ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে দলটি।
ম্যাচের আগেই কোলম্যান জানিয়েছিলেন এ ম্যাচে আর ইংল্যান্ড ম্যাচের ভুল করবে না তার দল। আক্রমণাত্মক খেলেই নকআউট পর্বে যেতে চায় তাঁর দল। কোচের কথা সত্য প্রমান করেছে বেল ও তাঁর সঙ্গীরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করল তাঁরা। ১১ মিনিটেই জো অ্যালেনের ডিফেন্স চেরা পাস থেকে আলতো এক চিপে ওয়েলসকে এগিয়ে দিলেন অ্যারন রামসে।
গোল খেয়ে একটু নাড়াচাড়া দিয়ে উঠল রাশিয়া। কিন্তু মাঝে মাঝেই পালটা আক্রমণে উঠছিল ওয়েলস। বিশেষ করে বেলের গতির সঙ্গে পেরে উঠছিল না রাশিয়ান রক্ষণভাগ। ২০ মিনিটে বেলের এমনই এক দৌড় থামাতে গিয়ে রাশিয়ান রক্ষণ ভাগ বল দিয়ে বসে নিল টেলরের পায়ে। দুবারের চেষ্টায় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন টেলর। ২৬ মিনিটে খেলায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল রাশিয়া কিন্তু আর্তুম জিউবালে গোল বঞ্চিত করে ওয়েইন হেনেসির দুর্দান্ত সেভ।
বেল-রামসে জুটি প্রথমার্ধেই আরো কিছু গোলের সুযোগ সৃষ্টি করলেও রাশিয়ান ডিফেন্সকে আর লজ্জা পেতে হয়নি গোলরক্ষক ইগর আকিনফিভের জন্য। তবে দ্বিতীয়ার্দে আর বেলকে আটকাতে পারেননি আকিনফিভ। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা রামসের পাস থেকে ৬৭ মিনিটে প্রতিযোগিতায় নিজের তৃতীয় গোল করেন বেল। শ্রেয়তর দল হিসেবেই জয় নিয়ে মাঠ ছাড়েন রামসেরা। প্রথমবার ইউরো খেলতে এসেই নকআউট পর্বে জায়গা করে নিল ওয়েলস।

দিনের অন্য ম্যাচে মূল একাদশে ৬টি পরিবর্তন আনা ইংল্যান্ড দলই প্রথমার্ধে ছড়ি ঘুরিয়েছে। জেমি ভার্ডি ও অ্যাডাম লালানা বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল। অবশ্য ভার্ডিদের ব্যর্থতার জন্য দায়ী স্লোভাক গোলরক্ষক মাতুশ কোজাচিক। তাঁর কারণেই প্রথমার্ধে অন্তত তিনটি গোল পেতে পেতেও পায়নি ইংল্যান্ড। পালটা আক্রমণে উঠে স্লোভাকিয়া ভয় দেখালেও ইংল্যান্ডই নিয়ন্ত্রণ করেছে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে সমানে সমানে শুরু করেছিল দুই দল। কিন্তু একটু পরেই আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা। ৬২ মিনিটে গোল পেয়েই গিয়েছিল তারা, কিন্তু ডেলে আলির শট গোল লাইন থেকে ফেরান স্লোভাকিয়ার অধিনায়ক মার্টিন স্কার্টেল।
এরপরও গোলের অনেকগুলো সুযোগ সৃষ্টি করেছিল দলটি। কিন্তু কোনোমতে ড্রতেই খুশি হওয়ার সিদ্ধান্তে পৌছানো স্লোভাকিয়ার ডিফেন্স ভাঙতে পারেননি স্টারিজ, ভার্ডি, রুনি, কেনরা। এই ড্রতে ইংল্যান্ডকে(৫ পয়েন্ট) দ্বিতীয় হয়ে যেতে হচ্ছে শেষ ষোলোতে। তবে ৪ পয়েন্ট পাওয়া স্লোভাকিয়াও প্রায় নিশ্চিত করে ফেলেছে সেরা চার তৃতীয় দল হওয়া।