বেলই ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী দেখছেন গ্যারেথ বেল? উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আজ তাঁর দিকেই তাকিয়ে ওয়েলস l এএফপি
কী দেখছেন গ্যারেথ বেল? উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আজ তাঁর দিকেই তাকিয়ে ওয়েলস l এএফপি

কয়েক দিন ধরে প্যারিস যেন হয়ে উঠেছে ব্রিটেনের কোনো শহর। রাস্তায় আর পাবগুলো থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে হেঁড়ে গলায় সমবেত ব্রিটিশ সংগীত। যেন উৎসবের উপলক্ষ! তা-ই তো! ইউরোর শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে যুক্তরাজ্যের দুই প্রতিবেশী উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস।
দুই দলই এবার প্রথম খেলতে এসেছে ইউরোতে। এসেই বাজিমাত, উঠে গেছে নকআউট পর্বে। ছোট্ট দুই দেশের আমুদে মানুষগুলোর উদ্যাপনের জন্য আর কোনো উপলক্ষ লাগে? ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের কথাটাই বোধ হয় সত্যি, ‘ভৌগোলিকভাবে আমরা ছোট। কিন্তু শুধু অনুভূতি হিসাব করলে, আমরাই একটা মহাদেশ!’
পার্ক দো প্রিন্সেসে ‘মহাদেশ’টা আজ দুই ভাগ হয়ে যাবে। ৯০ মিনিটের জন্য প্রতিবেশীসুলভ ভালোবাসার জায়গা দখল করে নেবে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। কে জিতবে তাতে?
সব সমীকরণ ওয়েলসের পক্ষেই কথা বলে। এক গ্যারেথ বেলই দুই দলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের পাশে আবার রামসে-অ্যালেনেরাও আছেন। সেখানে উত্তর আয়ারল্যান্ডের ভরসা গোলকিপার মাইকেল ম্যাকগভার্ন। দুই দল শেষ ষোলোতে উঠেছেও দুইভাবে। ওয়েলস গ্রুপশীর্ষে থেকে, আর উত্তর আয়ারল্যান্ড সেখানে সেরা চার তৃতীয় দলের চতুর্থটি। দুই দলের মুখোমুখি রেকর্ডও ওয়েলসের পক্ষে, ১৫-৮।
কিন্তু উত্তর আয়ারল্যান্ড এতটা পথ আসবে, তা-ই বা কে ভেবেছিল? ডিফেন্ডার গ্যারেথ ম্যাকলিও মনে করিয়ে দিয়েছেন সেটি, ‘টুর্নামেন্টের ড্র দেখে আমরা ১ পয়েন্ট পাব, সেটাও অনেকে ভাবেননি। কিন্তু এই উত্তর আয়ারল্যান্ড দলটি এমনই, সবাইকে ভুল প্রমাণ করে চলেছে।’ উত্তর আইরিশদের রূপকথার নতুন অধ্যায়ে প্রথম বাধা প্রতিবেশীরাই, আরও নির্দিষ্ট করে বললে বেল। উত্তর আয়ারল্যান্ডের আরেক ডিফেন্ডার অ্যারন হিউজও মানছেন, ‘ফর্মে থাকলে গ্যারেথ বেলই এই টুর্নামেন্টে তর্ক সাপেক্ষে সেরা।’
উত্তর আয়ারল্যান্ডের দুশ্চিন্তাই ওয়েলসের ভরসা—বেল। এমন একজনের জন্য দলের ওপর সেঁটে থাকা ‘একজনের দল’ তকমাতেও আপত্তি নেই ওয়েলস কোচ কোলম্যানের, ‘মাঝে মাঝে বেল একাই জিতিয়েছে আমাদের। রিয়াল মাদ্রিদে খেলে এমন একজন থাকলে “একজনের দল” তকমাটা মেনেও নেওয়া যায়।’
তাহলে বেলই গড়ে দিতে চলেছেন দুই ব্রিটিশ দলের ভাগ্য! এএফপি।