বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ফাঁস হয়ে গেল এভাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিষ্যদের নিয়ে অনুশীলনে মগ্ন বেলজিয়াম কোচ মার্টিনেজ এবং তাঁর সহকারী থিয়েরি অঁরি। ছবি: এএফপি
শিষ্যদের নিয়ে অনুশীলনে মগ্ন বেলজিয়াম কোচ মার্টিনেজ এবং তাঁর সহকারী থিয়েরি অঁরি। ছবি: এএফপি
>

বিশ্বকাপে কে যাচ্ছেন আর কে যাচ্ছেন না, এ নিয়ে সবারই আগ্রহ। কোচ দল ঘোষণার আগেই সবাই চেষ্টা করেন নামগুলো জেনে নিতে। তবে বেলজিয়াম দলের নামগুলো যেভাবে জানা গেছে, সেটা কিছুটা হলেও হাস্যকর

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ নিশ্চয়ই টিভি চ্যানেল ‘ভিআরটি’র ওপর রেগে কাঁই? রাশিয়া বিশ্বকাপের জন্য বেলজিয়াম দলের প্রস্তুতির খবর নিতে এসে টিভি চ্যানেলটি যে চূড়ান্ত দলটাই ফাঁস করে দিয়েছে!

২৮ জনের প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করেছেন মার্টিনেজ। আজ পর্তুগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি পরখ করে দেখবেন শিষ্যদের। তারপর সোমবার ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। কিন্তু এখন বোধ হয় তার আর দরকার নেই। ভিআরটি অনিচ্ছাকৃতভাবেই মার্টিনেজের পছন্দের ২৩ খেলোয়াড়ের নাম প্রকাশ করে ফেলেছে। ঘটনাটিও বেশ মজার।

জাতীয় দলের প্রস্তুতির খবর সংগ্রহ করতে গিয়েছিল টিভি চ্যানেলটি। রাশিয়া বিশ্বকাপের জন্য শিষ্যদের নিয়ে কেমন প্রস্তুতি নিচ্ছেন মার্টিনেজ, তার খোঁজখবর নিতে গিয়ে একটি ফুটেজ দেখায় তারা। সেটা খেলোয়াড়দের তোশকের ভিডিও। রাশিয়ায় তোশকগুলো পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিশ্বকাপে খেলতে গিয়ে এই তোশকেই রাত কাটাবেন এডেন হ্যাজার্ডরা। প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা তোশক এবং তার গায়ে খেলোয়াড়ের নাম লেখা রয়েছে। তোশকের সংখ্যা মোট ২৩।

এই সেই ২৩ খেলোয়াড়ের তোশক, যা পাঠানো হবে রাশিয়ায়। ছবি: টুইটার
এই সেই ২৩ খেলোয়াড়ের তোশক, যা পাঠানো হবে রাশিয়ায়। ছবি: টুইটার

এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন, এই ২৩টি তোশক আসলে চূড়ান্ত স্কোয়াডের জন্য। যেখানে প্রতিটি তোশকের ওপরই খেলোয়াড়দের নাম লেখা রয়েছে। এতে অনেকেই ধরে নিয়েছেন, চূড়ান্ত স্কোয়াড ঠিক করে ফেলেছেন মার্টিনেজ। ব্যাপারটা সত্য হলে, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আদনান ইয়ানুজাইয়ের মন খারাপ হবে। ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের নামে যে কোনো তোশক বরাদ্দ হয়নি! এ ছাড়া জর্ডান লুকাকুর নামেও কোনো তোশক নেই। বেনটেকে ও ডেড্রিক বোয়াটার নামে অবশ্য তোশক রয়েছে।

বেলজিয়াম কোচ মার্টিনেজ অবশ্য স্কোয়াড চূড়ান্ত করার এই খবর পুরোপুরি অস্বীকার করে গেছেন। তাঁর কাছে ব্যাপারটার কোনো ভিত্তি নেই। মার্টিনেজ বলেন, ‘এটা ব্যক্তিগত গোয়েন্দাগিরির কাজ নয়। প্রেস কর্মকর্তাকে ফোন করলেই জানা যেত কোনো তালিকা এখনো চূড়ান্ত হয়নি। এখানে ব্যাখ্যার কিছু নেই। কারণ খবরটার সত্যতা নেই।’