বেলজিয়ামের লুকাকুময় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লুকাকু। ছবি: এএফপি।
বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লুকাকু। ছবি: এএফপি।

সর্বশেষ ১০টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল ছিল না, প্রথম ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজেছিলেন। রোমেলু লুকাকু বড় একটা চাপ নিয়েই আজ নেমেছিলেন মাঠে। ম্যাচ শেষে সেটা আর থাকার নয়। জোড়া গোল পেয়েছেন ইংলিশ ক্লাব এভারটনের এই স্ট্রাইকার। সঙ্গে অ্যালেক্স উইটজেলের গোলে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম, ইউরোতে পেয়েছে নিজেদের প্রথম জয়।
বেলজিয়ামের হয়ে কোনো বড় আসরে সর্বশেষ জোড়া গোলের রেকর্ড সেই ১৯৯৮ সালে। কী অদ্ভুত, মেক্সিকোর সঙ্গে ওই কীর্তিটা যাঁর, সেই মার্ক উইলমটস আজ ছিলেন বেলজিয়ামের ডাগআউটে। তার চেয়েও অদ্ভুত, উইলমটসের মতো লুকাকুর কীর্তিও ফ্রান্সের বোর্দোতে। শুধু পার্থক্য হচ্ছে, ওই ম্যাচে বেলজিয়াম ২-২ গোলে ড্র করেছিল, আজ জিতেছে ৩-০ গোলে।
অথচ প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল, বেলজিয়ামের আরেকটি নিস্ফলা ম্যাচ কাটতে যাচ্ছে। ৪৮ মিনিটে লুকাকু জাগালেন বেলজিয়াম সমর্থকদের। দুর্দান্ত এক প্রতি আক্রমণের পর কেভিন ডি ব্রুইনের বলটা পেয়েছিলেন বক্সের ঠিক মাথায়। বাঁ পায়ে দারুণ এক শটে সেটি জড়িয়ে দেন জালে। বেলজিয়ামের পরের গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। নিজেদের মধ্যে ২৮টি পাস চালাচালি করার পর টমাস মেউনিয়েরের ক্রস থেকে হেড করে গোল করে ব্যবধান বাড়ান উইটজেল।
৭০ মিনিটে আবারও জ্বলে উঠলেন লুকাকু। এবারও ডান দিন থেকে এডেন হ্যাজার্ডের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দেন। প্রথম ম্যাচ হারের পর বেলজিয়ামের নকআউট পর্বে যাওয়ার আশা এখন অনেকটাই উজ্জ্বল।