বেলা শেষের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজনী, আমিনুল, হাসান আল মামুন, নজরুল।
রজনী, আমিনুল, হাসান আল মামুন, নজরুল।

আমিনুল, রজনী, হাসান আল মামুন, নজরুল। নামগুলো বাদ দিয়ে একসময় ঘরোয়া ফুটবল অসম্পূর্ণই থেকে যেত। নানাভাবে তাঁরা খবরে থাকতেন। সেই খেলোয়াড়েরা এখন আলোচনার বাইরে। চলে গেলেন মাঠের ফুটবলের আড়ালে। নীরব প্রস্থান যেন একটি ফুটবল-প্রজন্মের।
ফুটবল লিগ শুরু হয়েছে, কোথায় সেই বিশ্বস্ত আমিনুল? ফরোয়ার্ডের মাপা শটটা ডান দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন! গ্যালারি থেকে বিপুল করতালি। সবই এখন স্মৃতির পাতায়। ‘ফাইটার’ রজনীই বা কোথায় গেলেন? স্ট্রাইকারের সঙ্গে বল কাড়ার প্রায় প্রতিটি ‘যুদ্ধ’ জিতে যিনি বল বাড়িয়েছেন সামনে। সেই পরিচিত দৃশ্যও তো নেই।
মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। সেরা ফর্মে নেই কেউই। তাঁদের জায়গায় এসেছে নতুন মুখ। খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলার চেয়ে এবার তাই সসম্মানে বিদায় নেওয়ার পালা। কিন্তু নব্বইয়ের শুরু বা মাঝপথে শীর্ষ ফুটবলে যাত্রা করা এই খেলোয়াড়দের শূন্যতা ঠিকই অনুভব করছে ঘরোয়া ফুটবল।
গোলরক্ষক আমিনুলের ফুটবল-জীবন গত বছরই কার্যত শেষ। মৌসুমের শুরুতেই চোট, পুনর্বাসন ইত্যাদি মিলিয়ে মাঠে আর নামা হয়নি। এবার একটি ম্যাচ খেলে আনুষ্ঠানিক অবসর নেবেন ভেবেছিলেন। কিন্তু সেটিও হচ্ছে না!
১৯৯৪ সালে মোহামেডানে নাম লিখিয়ে দেশের শীর্ষ ফুটবলে আগমন। ২১ বছর পেরিয়ে আমিনুল এবার কোনো দলেই নিবন্ধন করেননি। কাজেই লিগের প্রথম পর্বে অন্তত তাঁর মাঠে নামার প্রশ্ন নেই। দ্বিতীয় পর্বে নিবন্ধন করার সুযোগ অবশ্য আছে। তবে রাজনীতির মাঠেই এখন সক্রিয় আমিনুল। আবার একটা দলে নাম লিখিয়ে মাঠে নামার চিন্তা করছেন না। রাজনৈতিক জীবনের সঙ্গেই বরং অভ্যস্ত হয়ে উঠেছেন।
বিদায় কি তাহলে নীরবেই? কাল মুঠোফোনে উত্তরটা খুঁজতে সময় নেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘মাঠ থেকে বিদায় বোধ হয় আর হচ্ছে না। তবে বিদায় অবশ্যই বলব, সেটা মাঠে না হয়ে সংবাদ সম্মেলনে হতে পারে।’
ডিফেন্ডার রজনীকান্ত বর্মণও শুনে ফেলেছেন বিদায়ের রাগিণী। ব্রাদার্সে তিনি এবার নিবন্ধন করলেও এটি স্রেফ করার জন্যই করে রাখা। প্রিমিয়ার লিগ মাঠে গড়ালেও রজনী এখন পশ্চিমবঙ্গে তাঁর নিজস্ব ঠিকানায়!
২০০৩ সাফ জয়ী বাংলাদেশ দলের এই অধিনায়ক অন্তর্মুখী। কদিন আগে ফোনে ধরা হলে গাজীপুরের বাড়ি থেকে এই প্রতিবেদককে শুধু এটুকু বলেছিলেন, ‘আমার আর খেলার ইচ্ছে নেই। তাই ফুটবল নিয়ে খোঁজখবরও রাখি না।’
ব্রাদার্সের সঙ্গে তাঁর কোনো আর্থিক চুক্তিও নেই। দলটির ম্যানেজার আমের খান তাই রজনীর অপেক্ষায় থাকতে নারাজ, ‘খেলা তো দূরের কথা, ও ইন্ডিয়া থেকে কবে আসবে, সেটাও জানি না। আমরা ওর নামটা জমা দিয়েছি ফেডারেশনে, এটুকুই শুধু জানি।’
মোহামেডানে এ মৌসুমে নিবন্ধন করেছেন হাসান আল মামুন। তবে এই ডিফেন্ডারকেও ম্যাচে দেখা যাচ্ছে না। খুব প্রয়োজন না হলে সেই সম্ভাবনা ক্ষীণ। মামুনের ইচ্ছে, সাদাকালো জার্সি গায়ে শেষ করবেন বলেই পড়ন্ত বেলায় মোহামেডানে আসা। কোচ জসিমউদ্দিন জোসিও তেমন কথাই বললেন, ‘আমি যত দূর জানি, ও রিটায়ার করবে মোহামেডানের জার্সি গায়ে।’
আবাহনী ডিফেন্ডার নজরুল দু-তিন বছর ধরেই মাঠের বাইরে। আনুষ্ঠানিক অবসর না নিয়েই গত বছর থেকে আবাহনীর ট্রেনারের দায়িত্ব পালন করছেন। খেলার সম্ভাবনা বলতে গেলে শূন্যই, অথচ অদ্ভুতভাবে এখনো আবাহনীর খেলোয়াড় তালিকায় তাঁর নাম থাকে! একটা ম্যাচে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সুযোগ দিতে খেলোয়াড় তালিকায় নাম রাখা—বললেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু।
সময়ই পতাকা তুলে দেয় নতুনের হাতে। আমিনুল, রজনী, মামুনবিহীন ঘরোয়া ফুটবল আবার খুঁজবে নতুন তারকা। কবে এঁদের যোগ্য উত্তরসূরি পাবে বাংলাদেশের ফুটবল?