বেলে আনন্দ, ইসকোয় দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল, ইসকো
গ্যারেথ বেল, ইসকো

তিন মাসের কষ্ট ভুলতে মাত্র ১২ মিনিট সময় নিলেন গ্যারেথ বেল।
কষ্টই তো। একজন ফুটবলারের কাছে মাঠের বাইরে থাকার চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে! গত নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বেল। এর পর থেকে টিভি পর্দায় দলের একের পর এক জয় দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদের ওয়েলস উইঙ্গারকে।
তিন মাস পর পরশুই লিগে এসপানিওলের বিপক্ষে ম্যাচে মাঠে নামলেন, নেমেই জ্বালাটা জুড়ালেন গোল করে। ৭১ মিনিটে মাঠে নামেন, গোল করেন ১২ মিনিট পরই। বেলের গোলেই পরশু নিশ্চিত হয় রিয়ালের ২-০ গোলের জয়। এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ২০১১-১২ মৌসুমের পর প্রথম লিগ শিরোপার দিকেও একটু একটু করে এগোচ্ছে জিনেদিন জিদানের দল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া, যদিও তারা ম্যাচ খেলেছে দুটি বেশি। হোর্হে সাম্পাওলির দল পরশু ২-০ গোলে হারিয়েছে এইবারকে। তবে লেখাটা যখন পড়ছেন, ততক্ষণে তালিকার এই অবস্থা বদলেও যেতে পারে। বাংলাদেশ সময় কাল রাতে লেগানেসের সঙ্গে খেলেছে তালিকার তিনে থাকা বার্সেলোনা, ২২ ম্যাচে তাঁদের পয়েন্ট ছিল ৪৮।
শিরোপা আসবে কি না, সেটি পরের ব্যাপার। তবে আপাতত বেল ফেরাতেই খুশি জিদান, ‘গ্যারেথ বেল একজনই। ও দলে ফিরেছে, এতেই খুশি আমরা। স্পেশাল একজন খেলোয়াড় ও, অন্যদের চেয়ে আলাদা কিছু যোগ করে দলে।’
তা যে করেন, সেটি তো পরশুই দেখা গেছে। বেল থাকলে রিয়ালের প্রতি আক্রমণগুলো কতটা ধারালো হয়, সেটিরই প্রমাণ পাওয়া গেল আরেকবার। গোলটি এসেছে সেভাবেই! বাঁ পাশে ইসকোর পাসে বল পেয়ে বেল চিতার ক্ষিপ্রতায় এসপানিওল রক্ষণকে ছিটকে বেরিয়ে গোলও করে এলেন। যদিও নিজেকে এখনো পুরোপুরি ফিট ভাবছেন না বেল, ‘শতভাগ ফিট হতে আরও কয়েক সপ্তাহ লাগবে। তিন মাস চোটের সঙ্গে লড়াই করে ফেরা, তাতে গোল করে দলের জয়ে অবদান রেখে ভালো লাগছে।’
বেলের প্রত্যাবর্তনের পাশাপাশি পরশু ম্যাচের পর আলোচনায় ছিলেন ইসকোও। বেলের গোলটি তো বটেই, প্রথমার্ধে আলভারো মোরাতার করা রিয়ালের প্রথম গোলটিও আসে স্প্যানিশ মিডফিল্ডারের ক্রস থেকে। তবে পারফরম্যান্স নয়, ম্যাচের পর বেশি আলোচনা ছিল রিয়ালে ইসকোর ভবিষ্যৎ ঘিরে। সুযোগ পেলে ভালোই খেলেন, কিন্তু রিয়ালে এত তারকার ভিড়ে সুযোগটাই তো নিয়মিত পান না ইসকো। আগামী মৌসুমে তাই রিয়াল ছাড়তে পারেন, তেমন গুঞ্জনে পরশু জোর বাতাস লেগেছে ইসকোরই মন্তব্যে, ‘খেলার আরও সময় যে পাচ্ছি না, সেটি ভাবাচ্ছে। একজন ফুটবলারের ক্যারিয়ার অনেক ছোট। মৌসুমের শেষে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব—আমার ভবিষ্যৎই যে ঝুঁকিতে।’
এদিকটা নিয়েও এখন ভাবতে হবে জিদানকে। মার্কা, এএফপি।