বেলের গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

মৌসুম শেষ প্রায়। প্রতিটি ম্যাচই এখন অগ্নিপরীক্ষা। একবার পা ফসকালেই সব শেষ—এমন পরিস্থিতিতে দলের মূল অস্ত্রই নেই মাঠে। খেলা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে, যাদের সঙ্গে হেরে গিয়েই লিগ জমিয়ে দিয়েছে বার্সেলোনা। চিন্তার যথেষ্ট কারণ ছিল রিয়ালের। তবে লস ব্লাঙ্কোদের ভাগ্য ভালো, সময়মতো জ্বলে উঠলেন গ্যারেথ বেল। ‘বিবিসি’র দুজনের অনুপস্থিতি দারুণভাবেই সামলালেন বেল। সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয়ে লিগের শীর্ষে উঠে এল জিনেদিন জিদানের দল। রাতে অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার খেলা আছে, সেই ম্যাচের পর আবার বদলে যেতে পারে পয়েন্ট তালিকার অবস্থান।
ম্যাচটা কতটা চাপ নিয়ে খেলতে হয়েছে, সেটা টের পাওয়া গেল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। রিয়াল মাদ্রিদ বক্সের সামনে ফ্রি কিক পেল সোসিয়েদাদ। জিনেদিন জিদানসহ রিয়াল ডাগ আউটের সবার মধ্যে স্নায়ুচাপটা তখন স্পষ্ট। কী জানি হয়, একটা গোল হলেই লিগের আশা শেষ! জটলা থেকে বলটা বাইরে মারতেই রেফারির বাঁশি বাজল, রিয়ালও যেন বড় একটা নিশ্বাসের সঙ্গে বুকের ওপর চেপে থাকা ভারটা নামিয়ে দিল।
অ্যানোয়েতায় পুরো ম্যাচজুড়েই রিয়াল অপেক্ষায় ছিল একটা গোলের। একদিকে লিগের আশা বাঁচিয়ে রাখতে জয় দরকার, কিন্তু চোটের কারণে নেই ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। তাতে কী! আরও একবার গ্যারেথ বেল যে ঘোষণা দিয়ে রাখলেন, একা তিনিই ম্যাচ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মাদ্রিদের ত্রাতা তো আজ তিনিই।
ম্যাচের শুরু থেকেই গোলমুখে একের পর এক ব্যর্থতা। বেল-হামেসরাও কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। তখন মনে হচ্ছিল, এই ম্যাচে কিছুতেই কিছু হবে না। ড্র নিয়ে, লিগের আশা জলাঞ্জলি দিয়ে বাড়ি ফিরতে হবে রিয়ালকে। হতাশা যখন ঘিরে ধরছিল, তখনই ‘ত্রাতা’ হয়ে এলেন বেল। ৮০ মিনিটে লুকাস ভাসকেজের ক্রসে হেড করে রিয়ালকে জয় এনে দিলেন ওয়েলশ উইঙ্গার।
জার্মানিতে অবশ্য রিয়ালের মতো স্বস্তি পেল না বায়ার্ন মিউনিখ। জিতলেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত, প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চারবার লিগ শিরোপাও জেতা হয়ে যেত এতে। অথচ এমন ম্যাচে ঘরের মাঠে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। তা-ও শিরোপা হতো, কিন্তু অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৫-১ গোলে ভলফসবুর্গকে হারানোয় অপেক্ষাটা অন্তত এক ম্যাচের জন্য বেড়ে গেল বায়ার্নের।
৬ মিনিটে টমাস মুলারের গোলে ইতিহাস লেখার প্রস্তুতি নিচ্ছিল বাভারিয়ানরা। প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চার শিরোপার রেকর্ড। ৭২ মিনিটে মনশেনগ্ল্যাডবাখের আন্দ্রে হানের গোল নিশ্চিত করে দিল, আজই শিরোপা আসছে না। আরও অন্তত একটা ম্যাচ অপেক্ষা করতেই হচ্ছে বায়ার্নকে।