বেলের দলবদল নিয়ে ইইউর তদন্ত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের প্রশ্নবিদ্ধ দলবদল নিয়ে অনেক ঝামেলা পোহাচ্ছে বার্সেলোনা। এখন গ্যারেথ বেলের দলবদল নিয়ে ঝামেলায় পড়তে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। এটি নিয়ে তদন্তে নামতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। কারণ ইইউর অনুদানের অর্থেই নাকি বেলকে কিনেছে রিয়াল।
বেলের দলবদলের চুক্তির বিস্তারিত তথ্য কিছুদিন আগে ফাঁস করে দেয় ফুটবললিকস। চুক্তির শর্তে ছিল, শেষ কিস্তি (২ কোটি পাউন্ড) দেওয়া হবে সামনের জুলাইয়ে। স্পেনে গুঞ্জন, এই অর্থের জোগান দিয়েছে স্পেনের বিভিন্ন ব্যাংক। টটেনহাম হটস্পারের ব্যাংকারদের কাছ থেকে ২ কোটি পাউন্ডের প্রমিজরি নোট (একধরনের নিশ্চয়তাপত্র) কিনেছিল স্প্যানিশ ব্যাংকগুলো। অর্থাৎ রিয়াল দেনা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকগুলো তা পরিশোধ করবে বলে নিশ্চয়তা দেয়।
ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সদস্য (এমইপি) প্রশ্ন তুলেছেন স্প্যানিশ ব্যাংকগুলোর এই ‘উদারতা’ নিয়েই। ২০১২ সালে অর্থনৈতিক মন্দায় অস্তিত্বের সংকটে পড়ে স্পেনের আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইইউ তখন স্পেনের অর্থনীতিকে বাঁচাতে ৪১০০ কোটি পাউন্ড অনুদান দেয়। ব্যাংকিং খাতকেই দেওয়া হয়েছিল ১৮০০ কোটি পাউন্ড। যেখানে আর্থিক খাত ভুগছে অস্তিত্বের সংকটে, সেখানে অনুদানের টাকায় কেনা হচ্ছে ফুটবলার! যুক্তরাজ্যের এমইপি ড্যানিয়েল ডাল্টন প্রশ্ন তুলেছেন এ নিয়েই, ‘যদি করদাতাদের টাকায় বেলের দলবদলের চুক্তিটা করা হয়ে থাকে, তবে অবশ্যই সেটি তদন্ত করে দেখতে হবে।’ রয়টার্স।