বেলের দলবদল নিয়ে ঝামেলায় রিয়াল

নেইমারের দলবদলের অঙ্ক নিয়ে তো অনেক তোলপাড় হলো। স্প্যানিশ আদালতে কর ফাঁকির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে হলো নেইমারকে ফেব্রুয়ারির শুরুতেই। নেইমারের সেই দলবদল নিয়ে স্পেন আর ব্রাজিল মাথা ঘামাচ্ছে। গ্যারেথ বেলকে নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছে পুরো ইউরোপ। দলবদলের বাজারের নতুন গুঞ্জন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অনুদানের অর্থে বেলকে কিনেছে রিয়াল মাদ্রিদ।
কিছুদিন আগে বেলের দলবদলের চুক্তির বিস্তারিত ফাঁস করে দেয় ফুটবললিকস। চুক্তিটা এমন ছিল যে, চারটি কিস্তিতে দলবদলের পুরো অঙ্কটা দেওয়া হবে। যার শেষ কিস্তিটা (২ কোটি পাউন্ড) দেওয়ার কথা সামনের জুলাইয়ে। গুঞ্জন উঠেছে দেনার দায় থেকে বাঁচাতে রিয়ালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্পেনের বিভিন্ন ব্যাংক। টটেনহাম হটস্পারের ব্যাংকারদের কাছ থেকে ২ কোটি পাউন্ডের প্রমিজরি নোট (এক ধরনের নিশ্চয়তাপত্র) কিনে নেয় স্পেনের ব্যাংকগুলো। অর্থাৎ রিয়াল দেনা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকগুলো তা শোধ করে দেবে বলে নিশ্চয়তা দেয়।
ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সদস্য (এমইপি) প্রশ্ন তুলেছেন স্প্যানিশ ব্যাংকগুলোর এই ‘উদারতা’ নিয়েই। ২০১২ সালেই অর্থনৈতিক মন্দায় অস্তিত্বের সংকটে পড়ে স্পেনের আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইইউ তখন স্পেনের অর্থনীতিকে বাঁচাতে ৪১০০ কোটি পাউন্ড অনুদান দেয়। ব্যাংকিং খাতকেই দেওয়া হয়েছিল ১৮০০ কোটি পাউন্ড। যেখানে আর্থিক খাতগুলো অস্তিত্বের সংকটে ভুগছে সেখানে অনুদানের টাকায় ফুটবলার কেনা হচ্ছে! যুক্তরাজ্যের এমইপি ড্যানিয়েল ডাল্টন প্রশ্ন তুলেছেন এ নিয়েই, ‘যদি করদাতাদের টাকায় বেলের দলবদলের চুক্তিটা করা হয়ে থাকে, তবে সেটি অবশ্যই তদন্ত করে দেখতে হবে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব। তারা যদি সরকারি কোনো ব্যাংককে এই দলবদলের জন্য ব্যবহার করে, যারা করদাতাদের টাকায় বেঁচে আছে, তবে আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। সে ক্ষেত্রে তো অনৈতিক সুবিধা পেয়েছিল রিয়াল!’
শুধু ডাল্টনই নন, ইউরোপিয়ান পার্লামেন্টের আরও দুজন সদস্য বেলের দলবদলে ইইউ অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাহলে দলবদল কেলেঙ্কারিতে ভালোই জড়িয়ে গেল রিয়ালও!