বেলের দাপটে দুর্দান্ত শুরু রিয়ালের
আগের দিন বার্সেলোনা জিতেছে দুর্দান্ত দাপটে। লুইস সুয়ারেজের হ্যাটট্রিক, লিওনেল মেসির জোড়া গোল—বেতিস উড়ে গেছে ৬-২ ব্যবধানে। পরশু লা লিগায় দারুণ শুরু হলো বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেরও। ইউরো চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে থাকা গ্যারেথ বেল তাঁর ফর্মটা টেনে এনেছেন লা লিগায়ও। ওয়েলস ফরোয়ার্ডের জোড়া গোলের সঙ্গে মার্কো অ্যাসেনসিওর আরও একটি গোল মিলিয়ে রিয়াল ৩-০ ব্যবধানে হারিয়েছে সোসিয়েদাদকে।
ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না, ছিলেন না ‘বিবিসি’র বাকিজন করিম বেনজেমাও। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদান পাননি নিয়মিত একাদশের খেলোয়াড় লুকা মডরিচ, পেপে ও কেইলর নাভাসকেও। প্রায় দ্বিতীয় সারির দল নিয়েও অবশ্য সোসিয়েদাদের বিপক্ষে জিততে সমস্যা হয়নি রিয়ালের। দ্বিতীয় মিনিটেই বেলের গোলের পর ৪০ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন ২০ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার অ্যাসেনসিও। ম্যাচের যোগ হওয়া সময়ে রিয়ালের তৃতীয় গোলটা করেছেন বেল। ইউরোর পর লম্বা ছুটিতে থাকায় দলের হয়ে প্রাক-মৌসুম অনুশীলনে পুরোটা সময় থাকতে পারেননি বেল। শারীরিকভাবেও শতভাগ ফিট নন। রিয়ালের হয়ে লা লিগায় নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন অ্যাসেনসিও। কোচ জিদানের জন্য এ এক মধুর সমস্যা, ‘ওকে একাদশে রাখব কি না, এ নিয়ে অনেক ভাবতে হয়েছে আমাকে। কিন্তু এখন তো সে গোল করার পরের ম্যাচের একাদশ নিয়ে ঝামেলায় পড়ে গেলাম।’ এএফপি, রয়টার্স।