বেলের দাম আরও বেশি ছিল!
বার্সেলোনা নেইমারকে কত দামে কিনেছে, এটি এখনো ঠিক জানা যায়নি। এই দলবদলের জটিলতা নিয়ে মামলাও চলছে আদালতে। এরই মধ্যে গ্যারেথ বেলের ট্রান্সফার ফির অঙ্ক নিয়ে প্রশ্ন উঠল নতুন করে।
২০১৩ সালে টটেনহাম থেকে প্রায় ১০ কোটি ইউরো দিয়ে ওয়েলশ উইঙ্গারকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। রিয়াল অবশ্য দাবি করেছিল, বেলকে আনতে তাদের ৯ কোটি ১৫ লাখ ইউরো খরচ হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, বেলের দাম এর চেয়েও বেশি ছিল। ফুটবল লিকস নামের একটি ওয়েবসাইট জানাচ্ছে, রিয়ালের প্রকৃত খরচ ছিল ১০০,৭৫৯,৪১৭ ইউরো। এর সঙ্গে ‘সলিডারিটি ফি’ হিসেবে রিয়ালকে বাড়তি দিতে হয়েছে প্রায় ১,০১৫,৮৭৫ ইউরো। সব মিলিয়ে প্রায় ১০১,৭৭৫,২৯২ ইউরো (১০ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ২৯২ ইউরো)।
অবশ্য রিয়ালের কাছে সুযোগ ছিল ‘মাত্র’ ৮ কোটি ৭০ লাখ ইউরোর সামান্য বেশি দিয়ে বেলকে নিয়ে আসার। কিন্তু সে ক্ষেত্রে এই উইঙ্গারকে দলে নিবন্ধন করানোর ১৫ দিনের মধ্যেই পুরো দামটা দিয়ে দিতে হতো। রিয়াল সে পথে না গিয়ে বরং চারটি কিস্তিতে পুরো অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নেয়। প্রথম কিস্তি চুক্তি হওয়ার ১০ দিনের মধ্যেই দেওয়া হয়েছে, শেষ কিস্তি দেওয়া হবে ২০১৬ সালের ২৪ জুলাই। গোলডটকম।