বেলের ফেরার ম্যাচে রিয়ালকে জেতালেন বেনজেমা

করিম বেনজেমার গোল উচ্ছ্বাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ থেকে ২০১৫-রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির এ দুই বছরের অধ্যায়ে অসাধারণ ছন্দে ছিলেন গ্যারেথ বেল। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানের আমল শুরু হতেই ম্লান হয়ে পড়েন তিনি। জিদানের পরিকল্পনায় উপেক্ষিত ছিলেন বেল। গত মৌসুমে তো তাঁকে ধারে খেলতে হয়েছে তাঁর সাবেক ক্লাব টটেনহামে।

রিয়ালে জিদানের দ্বিতীয় অধ্যায় শেষে আবার ফিরেছেন আনচেলত্তি। তিনি ফিরেই বেলকে ধারের চুক্তি থেকে টটেনহাম থেকে ফিরিয়েছেন। আজ লা লিগায় এ মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে আবার দেখা গেল বেল-আনচেলত্তির রসায়ন। কিন্তু বেল-আনচেলত্তির বার্নাব্যুতে ফেরার এই ম্যাচটি রিয়ালকে জিতিয়েছেন করিম বেনজেমা।

রিয়ালের দ্বিতীয় গোলটি করে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস নাচোর
ছবি: রয়টার্স

আলাভেজের বিপক্ষে রিয়ালের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন বেনজেমা। তবে স্কোর লাইন দেখে রিয়ালের জয়টি যতটা সহজ মনে হচ্ছে আসলে তা ছিল না। আলাভেজের মাঠে প্রথমার্ধে কোনো গোল পায়নি রিয়াল। প্রথম ৪৫ মিনিটের খেলা ছিল গোলশূন্য ড্র।

তবে দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই গোল পেয়ে যায় রিয়াল। গোল না পেলেও বা সরাসরি কোনো গোলে সহায়তা না করলেও রিয়ালের প্রথম গোলটিতে জড়িয়ে ছিলেন বেল। লুকাস ভাসকেজকে উদ্দেশ করে অসাধারণ এক ক্রস দেন তিনি। সেই ক্রস ধরে ভাসকেজ বল দেন এডেন হ্যাজার্ডকে। বেলজিয়ান ফরোয়ার্ড বল বাড়ান বক্সে ঢুকে পড়া বেনজেমাকে। ৪৮ মিনিটে অসাধারণ এক ভলিতে তিনি বল জড়ান আলাভেজের জালে।

এক মৌসুম টটেনহামে ধারে খেলে আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে গ্যারেথ বেল
ছবি: রয়টার্স

রিয়ালের দ্বিতীয় গোলটিও অসাধারণ এক ভলি থেকে। এবার অবশ্য গোলদাতা নাচো আর গোলে সহায়তা করেছেন লুকা মদরিচ। ৫৬ মিনিটে নাচোর এ গোলের পর বেনজেমা রিয়ালের পক্ষে স্কোরলাইন ৩-০ করেন ৬ মিনিট পর। তাঁর নেওয়া প্রথম শটটি ফিরে আসলেও ফিরতি শটে বল জালে জড়ান বেনজেমা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে আলাভেজ একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

রিয়ালের চতুর্থ গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র
ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদের চতুর্থ গোলটি করেছেন হ্যাজার্ডের বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস জুনিয়র। দাভিদ আলাবার অসাধারণ একটি ক্রস খুব কাছ থেকে জালে জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।