বেলের রোনালদো-স্তুতি
একজন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার—গ্যারেথ বেল। আরেকজন সময়ের সেরা দুই ফুটবলারের একজন—ক্রিস্টিয়ানো রোনালদো। বেল যখন রিয়াল মাদ্রিদে এলেন, চারদিক থেকে সংশয়ের মেঘও এল উড়ে—এক বনে দুই বাঘ থাকতে পারবে তো? তবে সব আশঙ্কাকে অমূলক প্রমাণ করে প্রথম মৌসুমেই রোনালদো-বেল জুটি আবির্ভূত হয়েছে প্রতিপক্ষ রক্ষণের ত্রাস হিসেবে। বেল বলছেন, তাঁদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত কিংবা প্রতিদ্বন্দ্বিতা নেই। উপরন্তু রোনালদোই নাকি তাঁকে ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন।
ওয়েলসে জন্ম, বেড়ে ওঠা। খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। মাদ্রিদে এসে বেলকে মানিয়ে নিতে হয়েছে তাই অনেক কিছুর সঙ্গেই। ভাষা, ক্লাবের পরিবেশ—ইত্যাদি। তবে মানিয়ে নেওয়ার পথে বেলকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন নাকি ‘সিআর-৭’ নিজেই। ব্যাপারটি নিয়ে বেল নিজেও দারুণ উচ্ছ্বসিত, ‘আমি যেদিন এসেছি, সেদিন থেকেই রোনালদো আমাকে উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমি কিছু না-কিছু শিখছি। সে আমাকে ভালো খেলোয়াড় হতে সাহায্য করছে, যেটি আমার লক্ষ্য।’
পরশু দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বেল রোনালদো-স্তুতি করেছেন আরও, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছ থেকে শেখার সুযোগ পাওয়াটা অবিশ্বাস্য। আমি তার মতো হতে চাই। সত্যি বলতে আমার ডান পায়ের খেলায়ও উন্নতি আনতে চাচ্ছি।’ গোলডটকম।