বেলের শহরে রদ্রিগেজের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডিফের সিটি স্টেডিয়ামের ধারণক্ষমতা খুব বেশি নয়, ৩২ হাজারের কিছু বেশি। আজ সেই মাঠে সম্ভবত তিল ধারণেরও ঠাঁই থাকবে না। টিকিট তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা কাপের চ্যাম্পিয়ন সেভিয়ার উয়েফা সুপার কাপের ফাইনাল বলে কথা! রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে হামেস রদ্রিগেজের অভিষেক হবে, সেটাও কম কথা নয়। তবে গ্যারেথ বেল না খেললে মৌসুমের প্রথম ফাইনাল নিয়ে ওয়েলশে এত মাতামাতি নিশ্চিতভাবেই হতো না!
রিয়াল মাদ্রিদের ‘হানড্রেড মিলিয়ন ম্যান’-এর জন্ম ওয়েলশের রাজধানীতে। শৈশবের স্কুল থেকে স্টেডিয়ামের দূরত্বও বেশি নয়, ছয় কিলোমিটার। যে শহর জানে বেলের প্রথম সবকিছু, সেখানে মৌসুম শুরু করতে পারাটা দুর্দান্ত একটা উপলক্ষই বটে। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার তো জানাচ্ছেন, কার্ডিফ ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রহর গুনছেন অপেক্ষার, ‘১৮ মাস আগে থেকেই জানতাম সুপার কাপ কার্ডিফে হবে। রিয়াল মাদ্রিদে যখন আসি, এর পর থেকেই স্বপ্ন দেখছিলাম চ্যাম্পিয়নস লিগ জিতলে কার্ডিফে খেলতে পারব। সেই স্বপ্ন এখন সত্যি হচ্ছে।’ ঘরের মানুষদের সামনে গোল করাটা হবে সোনায় সোহাগা। বেল অবশ্য সরাসরি কিছু বললেন না, ইচ্ছাটা জানিয়ে দিলেন ইঙ্গিতে, ‘অবশ্যই আমি চাই ৫-০ গোলে জিততে। আর গোল তো কেউ না কেউ করবেই। যে-ই গোল করুক, খেলাটা দলীয়। আমরা জিততেই চাইব।’
রদ্রিগেজের অনুপ্রেরণা আবার অন্য রকম। আজই আনুষ্ঠানিকভাবে রিয়ালের হয়ে অভিষেক হওয়ার কথা বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী তরুণ কলম্বিয়ানের। আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলের সঙ্গে হামেস রদ্রিগেজ—সেভিয়া ডিফেন্ডারদের কালকের রাতের ঘুম ভালো হওয়ার কথা নয়! তবে ফাইনালের আগে কার্লো আনচেলত্তির কণ্ঠে একটু চিন্তার সুরই, ‘৫ আগস্ট পর্যন্ত কিছু খেলোয়াড়কে ছুটি দিয়েছিলাম। ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার খুব বেশি সময় পাইনি।’
সেভিয়া কোচ উনাই এমেরি কিন্তু স্বপ্ন দেখছেন অঘটনের, ‘মাদ্রিদের সঙ্গে আমাদের ফেবারিট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে এটা ঠিক, ফাইনাল জেতার মতো সামর্থ্য ও শক্তি আমাদের আছে।’
বেল-রদ্রিগেজের কারণে রিয়ালের আরও দুই নবাগত একটু আড়ালে চলে গেছেন। কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের হয়তো আজ অভিষেক হচ্ছে না, তবে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের অভিষেক অনেকটাই নিশ্চিত। এএফপি।