বেল-রদ্রিগেজে উজ্জ্বল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জয়ের দুই কুশীলব রদ্রিগেজ-বেল l এএফপি
রিয়ালের জয়ের দুই কুশীলব রদ্রিগেজ-বেল l এএফপি

পরশু রাতের খেলায় আগে জিতেছে বার্সেলোনা, পরে রিয়াল মাদ্রিদ। মালাগার সঙ্গে বার্সার জয়টা এসেছে ঘাম ঝরিয়েই। আর রিয়াল বেটিসের সঙ্গে রিয়াল মাদ্রিদের গভীর রাতের খেলাটা যাঁরা দেখেছেন, হামেস রদ্রিগেজের দুটি গোলে তাঁদের ঘুমের আবেশটাও নিশ্চয়ই কেটে গেছে! সঙ্গে গ্যারেথ বেলের জোড়া গোল আর করিম বেনজেমার লক্ষ্যভেদে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫-০ গোলে, রাফায়েল বেনিতেজ পেয়েছেন প্রথম জয়ের স্বস্তি।
মালাগা অবশ্য গত কয়েকটি ম্যাচে বার্সার গলার কাঁটাই হয়ে ছিল। গত মৌসুমে মুখোমুখি দুই ম্যাচে নিজেদের মাঠে ড্র করে ন্যু ক্যাম্পে তো হারিয়েই দিয়েছিল বার্সাকে। আবার ন্যু ক্যাম্পে ফিরে বার্সাকে ৭২ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখে তার সর্বশেষ স্মৃতিটাই যেন মনে করিয়ে দিচ্ছিল। বার্সার সাঁড়াশি আক্রমণে কখনো বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন মালাগা গোলরক্ষক কার্লোস কামেনি, কখনো ক্রসবার, কখনো পেনাল্টির আবেদনে রেফারির নীরব বাঁশি। মাঝেমধ্যেই পাল্টা-আক্রমণে মালাগা ভয় তো ধরিয়ে দিচ্ছিলই।
বার্সেলোনার ত্রাতা হলেন শেষে টমাস ভার্মেলেন, খেলা শুরুর আগে খুব কম লোকই যাঁর নামটা অনুমান করতে পারতেন। গত মৌসুমের প্রায় পুরোটাই ভার্মেলেনকে দর্শক বানিয়ে রেখেছিল চোট। তাঁর গোলার মতো ভলিতে করা ৭৩ মিনিটের গোলটাই শেষ পর্যন্ত বার্সাকে এনে দিল লা লিগায় টানা দ্বিতীয় জয়। লুইস এনরিকে অবশ্য এতে খুব একটা বিস্মিত নন, ‘আমি অবাক হইনি। ওকে যখন দলে নিয়ে আসি, তখনই জানতাম আমরা কী পেতে যাচ্ছি।’ তবে ভার্মেলেনের প্রতিক্রিয়াটা বেশ মজার, ‘আমি গোল উদ্যাপন করিনি, কারণ আমি জানি না এই পরিস্থিতিতে কী করতে হয়!’
প্রথম ম্যাচে গোলশূন্য ড্র, নিষ্প্রভ পারফরম্যান্স—বেনিতেজ শুরুতেই চাপে পড়ে গিয়েছিলেন কিছুটা। কোচের সেই চাপটা সরিয়ে দিতে বেল সময় নিলেন মাত্র ৯৪ সেকেন্ড। বেলের ক্যারিয়ারের দ্রুততম গোলের পর মঞ্চটা কেড়ে নেন অবশ্য রদ্রিগেজ। বাঁ পায়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে তাঁর প্রথম গোল, বাইসাইকেল কিকে দ্বিতীয় গোল করে বার্নাব্যুকে মোহাবিষ্টই করেছেন কলম্বিয়ান ফরোয়ার্ড। মৌসুমে প্রথম নেমে গোল করলেন বেনজেমাও। বিধ্বংসী এই জয়ে খানিকটা কৃতিত্ব দিতে হবে কেইলর নাভাসকেও। রিয়াল গোলরক্ষক একটা পেনাল্টি তো ঠেকিয়েছেনই, গোটা কয়েক দুর্দান্ত সেভও করেছেন। ডেভিড ডি গিয়া এলে একাদশে ব্রাত্য হয়ে পড়তে পারেন নাভাস, এই ম্যাচ দিয়ে যেন একটা বার্তাই দিলেন কোচকে! এএফপি।