বেল-রোনালদো রেষারেষি?

ইদানীং মাঠে নিজেকে খুব একটা মেলে ধরতে পারছে না গ্যারেথ বেল। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রসায়নটাও খুব একটা জমছে না। আর এর পেছনে দায়ী নাকি সতীর্থদের ‘অসহযোগিতা’। ওয়েলশ উইঙ্গারকে সতীর্থরা ‘সহযোগিতা’ করছে না বলে অভিযোগ করেছেন বেলের এজেন্ট জোনাথন বার্নেট। স্পষ্টভাবে কারও নাম উল্লেখ না করলেও রোনালদোর দিকে ইঙ্গিত তাঁর।
মাঠে বেলকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার কথা আক্রমণ-সঙ্গী রোনালদো ও করিম বেনজেমার। মিডফিল্ডারদেরও। কিন্তু সতীর্থদের অসহযোগিতার কারণে নাকি নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না বেল। বার্নেট রোনালদো বা অন্য কারও নাম বলেননি। তবে অভিযোগের তিরটা যে রোনালদোর দিকেই, সেটি স্পষ্ট তাঁর মন্তব্যেই, ‘গ্যারেথকে নিয়ে রিয়ালের কাজ করতে হবে। তাকে আরও সহযোগিতা করতে হবে। আরও বল দিতে হবে। সে কতটা দুর্দান্ত, মানুষকে দেখানোর সুযোগ দিতে হবে। সতীর্থরা যথেষ্ট সহায়তা ও তার সঙ্গে কাজ করলে সেই রিয়ালের সেরা খেলোয়াড় হবে।’
‘রিয়ালের সেরা’ খেলোয়াড় রোনালদোই, এ তথ্য প্রতিষ্ঠিত। বার্নেটের দাবি মতে, কেবল সহযোগিতা পাচ্ছেন না বলেই রোনালদোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বেলের! এমন পরিস্থিতি অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়েন। বেলের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে? বার্নেট অবশ্য এটি উড়িয়ে দিয়েছেন, ‘সে এ নিয়ে চিৎকার-চেঁচামেচি করতে পারত কিংবা কোচকে গিয়ে নালিশ করতে পারত। কিন্তু কাউকে আঘাত করতে চায়নি। বিশ্বের সব শীর্ষ ক্লাব তাকে নিতে চায়। তবে তার সিদ্ধান্ত, পরের মৌসুমেও রিয়ালে থাকবে। এ গ্রীষ্মে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আমরা বলে আসছি, সে সব সময় রিয়ালেই খেলতে চায়। এটা শতভাগ সত্য, এখানেই সাফল্য পেতে চায় সে।’
বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে আসা বেলের প্রথম মৌসুমটা বেশ ভালো কাটলেও এ মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না। ২০১৩-১৪ মৌসুমে ৪৪ খেলায় করেছেন ২২ গোল, করিয়েছেন ১২টি। আর চলতি মৌসুমে এখনো পর্যন্ত ৪৬ ম্যাচে করেছেন ১৭ গোল, সহায়তা করেছেন ১২টি। সর্বশেষ ১৮ ম্যাচে বেল গোল করেছেন মাত্র দুটি। এর একটি আবার গ্রানাডাকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া সেই সহজ ম্যাচে। ফর্ম নিয়ে সমালোচনা তো আছেই। এ ছাড়া সম্প্রতি সমালোচিত হয়েছেন ‘স্বার্থপরতা’র অভিযোগেও।
এমনিতে মৌসুমের এ পড়তি বেলায় প্রায় সব ধরনের প্রতিযোগিতায় রিয়াল কঠিন সমীকরণের সামনে। লা লিগার শিরোপা হাতছাড়ার উপক্রম, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হেরে কোণঠাসা। কোপা ডেল রে থেকে তো বিদায় নিশ্চিত হয়েছে আগেই। সব মিলিয়ে শিরোপাশূন্য থেকেই মৌসুম শেষ করার আশঙ্কার খড়্গ ঝুলছে মাথার ওপর। এমন অবস্থায় আবার বেল নিয়ে সংকট। ভালোই বিপাকে রিয়াল। সূত্র: রয়টার্স, গোলডটকম।