বেল-রোনালদোর রিয়াল ছাড়ার খবর!

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে টানা পাঁচ মৌসুমে ৫০-এর বেশি গোল করেছেন। যে কীর্তি আর কারও নেই। এখন দল যদি গত সাত বছরে গুরুত্বপূর্ণ শিরোপা বলতে কেবল একটা লিগ আর একটা চ্যাম্পিয়নস লিগ জেতে, সেটার দায় কি তাঁর? শিরোপাশূন্য একটা মৌসুম অনেক রূঢ় বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকা নাকি এরই মধ্যে ক্লাব সভাপতির সঙ্গে দেখা করে জানতে চেয়েছেন, তাঁকে নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কী? মার্কার খবর, পিএসজি লোভনীয় প্রস্তাব দিয়েছে রোনালদোকে!
মার্কা মাদ্রিদের পত্রিকা। রিয়ালের অনেক হাঁড়ির খবর এর আগেও ফাঁস করেছে। ফলে মার্কার খবরটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা ছাড়া রিয়ালে বেশ কিছু বিষয় নিয়ে রোনালদোর অসন্তুষ্টির ব্যাপারটি স্পষ্ট।
এর আগেও একবার শোনা গিয়েছিল রোনালদো ‘অসুখী’। কারণ তাঁর চেয়ে বেশি বেতন পাচ্ছেন লিওনেল মেসি। পরে রোনালদোর বেতন বাড়িয়ে সেই দফা তাঁকে ‘সুখী’ করা হয়। কিন্তু পরের বছরই আবার বার্সেলোনা মেসির বেতন বাড়িয়ে দেয়। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার যে মেসি, সেই তালিকা ইএসপিএনও দিয়েছে সদ্যই।
টাকার চেয়েও বড় কথা তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা। তাঁকে স্বার্থপর বলা। রিয়াল সমর্থকদের একটা বড় অংশ এমনিতেই সব সময়ই খুব রূঢ়। খোদ ইকার ক্যাসিয়াসের মতো ঘরের ছেলেকে এই মৌসুমে প্রতি নিয়ত দুয়ো দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যু। জুভেন্টাসের হাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রিয়ালের গাড়ি লক্ষ্য করে ময়লা ও বোতল ছুড়ে মারার খবর এসেছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লজ্জাজনক হারের রাতে তাঁর জন্মদিনের পার্টি করা, সতীর্থ আরবেলোয়ার গোলের পর রাগে ফেটে পড়া, বেলকে ঠিকমতো সাহায্য না করা—এসব নিয়েও সমালোচনার মুখে আছেন রোনালদো। অথচ এই মৌসুমে ৫৩ ম্যাচে ৫৮ গোল করেছেন। করেছেন ২১টি এসিস্টও। আর ১৪টি গোল করলেই রিয়ালের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। ৩২৩ গোল রাউল করেছেন ৭৪১ ম্যাচ খেলে, রোনালদো ৩১০ গোল করেছেন ২৯৯ ম্যাচেই!
কিন্তু সমর্থকেরা ব্যক্তিগত সাফল্যে তৃপ্ত হবে কেন? গত সাত বছরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা লিগ জিতেছে পাঁচবার, রিয়াল একবার। এটা যেন কিছুতেই তাদের হজম হচ্ছে না।

মার্কার ভাষ্য, রিয়ালের অফিস কক্ষগুলো এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছে। ফোনের পর ফোন বেজে চলেছে। সভার পর সভা হচ্ছে। নতুন ছক, নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা-তর্ক। অনেকগুলো পরিবর্তন আসন্ন। এর মধ্যে ‘লা দেসিমা’ এনে দেওয়া কার্লো আনচেলত্তির বিদায় প্রায় নিশ্চিত। নিশ্চিত অধিনায়ক ক্যাসিয়াসের বিদায়ও। নতুন কোচ, নতুন অধিনায়ক, নতুন গোলরক্ষক—রিয়ালের চেহারা বদলে যাচ্ছে অনেকটাই। রাফা বেনিতেজ রিয়ালের কোচ হচ্ছেন বলে শোনা যাচ্ছে। রিয়ালের যুবদলে খেলে ক্যারিয়ার শুরু হলেও রিয়ালের মূল দলে কখনোই খেলা হয়নি। রিয়ালের যুবদলের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু হলেও রিয়ালের মূল দলেরও দায়িত্ব কখনো পাননি। সেই স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এই কোচের।এ দিকে এএসকে উদ্ধৃত করে বেলের রিয়াল ছাড়ার সম্ভাব্য খবর দিয়েছে ব্রিটেনের অন্যতম শীর্ষ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ডি গিয়াকে আজকালের মধ্যে সিদ্ধান্ত নিতে ‘চূড়ান্ত সময়সীমা’ বেঁধে দিয়েছে রিয়াল। আর পল পগবা জানিয়ে দিয়েছেন, রিয়াল নয়, তিনি মেসির পাশে, অর্থাৎ বার্সেলোনায় খেলতে চান।এত অদল-বদলের মধ্যে রোনালদোর রিয়াল ছাড়াটাই হয়ে আসতে পারে সবচেয়ে বড় চমক। রিয়ালের নীতি নির্ধারকদের একটা অংশ মনে করে, ত্রিশ পেরিয়ে যাওয়া রোনালদোকে বেচে দিয়ে ভালো অঙ্কের টাকা আয় করে সেটা তরুণদের ওপর বিনিয়োগ করার এটাই সেরা সময়। মার্কার ছাপা সংস্করণের প্রচ্ছদ আজ রোনালদোকে নিয়েই করা হয়েছে। যেখানে ইঙ্গিত আছে তাঁর ক্লাব ছাড়ার। মার্কার ইংরেজি অনলাইন সংস্করণেরও শিরোনাম: রোনালদোর পায়ের তলে সর্ষে!