বেসুরো 'বিবিসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-মৌসুমে আট ম্যাচ খেলে ৭টিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। একমাত্র হারটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কোথায় জয়ের আত্মবিশ্বাস নিয়ে নতুন মৌসুমের পরিকল্পনা আঁটবেন, তা না, মৌসুম শুরুর আগে কোচ রাফায়েল বেনিতেজকে উল্টো ভাবতে হচ্ছে আক্রমণভাগের গোলখরা নিয়ে!
এই ৮ ম্যাচে রিয়াল গোল করেছে ১১টি, তবে চারটি ম্যাচই গোলশূন্য থেকেছে দল। রিয়াল কোচের জন্য এর চেয়েও দুশ্চিন্তার বিষয়, ৮ ম্যাচে আক্রমণভাগের ত্রিফলা বেল, বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর মিলিত গোল মাত্র তিনটি! গত পরশু সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ম্যাচটিতেও গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোলহীন রোনালদো ও বেল। তবে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল।
অবশ্য ইনজুরিতে তিনটি ম্যাচে খেলেননি রোনালদো, বেনজেমা নেই গত চার ম্যাচে। তারপরও আট ম্যাচে তিন জনে ৩ গোল—তাঁদের স্বাভাবিক খেলার মানের সঙ্গে বড় বেমানান। বেল আর বেনজেমা তো ঠিক ফর্মে নেই গত মৌসুমের মাঝামাঝি থেকেই। মৌসুম শুরুর আগেই তাই বেনিতেজের চ্যালেঞ্জ—‘বিবিসি’কে একই তারে বাঁধা। সেটা বেলকে ‘নাম্বার টেন’ ভূমিকায় রেখেই হোক, অথবা রোনালদোকে বেনজেমার সঙ্গে দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকায় খেলিয়েই হোক! মার্কা।