
কিছুদিন আগেও মন রাঙিয়ে দেওয়া ফুটবল খেলেছে শেখ জামাল ধানমন্ডি। সেই ক্লাব এখন খেলছে চোখের জন্য পীড়াদায়ক ফুটবল। না আছে দলটার জয়ের ক্ষুধা, না আছে একটা দল হয়ে খেলার তাড়না।
এএফসি কাপের প্রথম দুই ম্যাচ দেখাল, বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন দলটির খোলস ছাড়া আর কিছু নেই। নইলে সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্স ক্লাব চার গোল দেয় কীভাবে! সেই হারের ক্ষত না শুকোতেই কাল ফিলিপাইনের সেরেস লা সাল্লে দিল দুই গোল। তাও আবার শেখ জামালের ঘরের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে!
প্রথম দুই ম্যাচেই হার এবং ছয় গোল হজম স্পষ্ট করে দিয়েছে, শেখ জামাল সত্যিই এবার ভালো দল গড়তে পারেনি। ভাড়া করা কয়েকজন খেলোয়াড় নিয়ে কালও নেমেছিল দলটি। কিন্তু সেই খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা পাওয়া গেল কিনা প্রশ্ন থাকছেই।
গোলরক্ষক সোহেল এখনো জানেন না নতুন মৌসুমে কোন দলে খেলবেন। ডিফেন্ডার ইয়াসিনও তা-ই। তপু বর্মনকে নেওয়া হয়েছে আবাহনী থেকে, সোহেল রানারও খেলার কথা আকাশি নীলে। জামাল ভূঁইয়া চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়। ম্যাচের আগের দিন তাঁদের কাউকে কাউকে তাঁর ক্লাব ফোন করে বলেছে, ম্যাচ খেলেই চলে যেতে। ওই খেলোয়াড়ের মনোযোগ যে তাঁর নিজের দলের দিকেই থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই।
জয়ের জন্য চাই ভালো প্রস্তুতি, দলীয় সমন্বয়। এসবের বড় ঘাটতি আছে শেখ জামালের। প্রতিপক্ষ আক্রমণে এলে চার-পাঁচজন কাল সমান্তরালে দাঁড়িয়ে গেলেন। তঁাদের মধ্যে বোঝাপড়ার অভাব থাকল। দুই উইং ব্যাক ওপরে উঠলেন না। আক্রমণে তাঁদের কোনো ভূমিকা দেখা যায়নি। মাঝমাঠে বল ধরে খেলার মতো কেউ ছিলেন না। মাঝেমধ্যে লম্বা বলে এলোমেলো খেলা। আক্রমণে লোকের অভাব। ল্যান্ডিং, ওয়েটসন, এমেকা ওপরে যা একটু আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করলেন, কিন্তু স্থানীয়দের মধ্যে সেই তাগিদটা সেভাবে দেখা গেল না।
রক্ষণের অবস্থা ভঙ্গুর। সমন্বয়ের অভাব ও কিছুটা রক্ষণাত্মক শেখ জামাল প্রথমার্ধেই পিছিয়ে পড়ল দুই গোলে। মাঠ বড় করে গুছিয়ে খেলা সাল্লে প্রথম গোল পেল ২৬ মিনিটে। ইয়ামিনের ভুলে প্লেসিং করলেন চনমনে আদ্রিয়ান। চার মিনিট পর সোহেল রানার গা-ছাড়া মনোভাবের খেসারত গুনল দল, ২-০ করলেন সেই আদ্রিয়ান। দ্বিতীয়ার্ধে শেখ জামাল একটু গা ঝাড়া দেওয়ায় সুযোগ এসেছে গোটা তিনেক। কিন্তু ল্যান্ডিং, এমেকারা নষ্ট করলেন সুযোগ। ক্রসবারও বাধা হয়েছে। উপরন্তু ৭৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মেরে অহেতুক লাল কার্ড দেখেছেন ইয়াসিন।
এসব দেখে চরম হতাশ শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক। ম্যাচের পর বললেন, ‘প্রথম দুটি ম্যাচ এভাবে হেরে যাওয়া দুঃখজনক। খেলোয়াড়দের মানসিকতায় সমস্যা আছে। প্রস্তুতির ঘাটতি তো বলাই বাহুল্য। আসলে প্রতিপক্ষের প্রস্তুতি আমাদের চেয়ে ভালো, ওরা আমাদের চেয়ে ভালো দলও।’
ফুরফুরে সেরেস লা সাল্লের বেশির ভাগ খেলোয়াড়ের বাবা স্প্যানিশ, মা ফিলিপিনো। জোড়া গোল করা আদ্রিয়ানও অর্ধেক ফিলিপিনো, অর্ধেক স্প্যানিশ। তবে গোল না করলেও ফরোয়ার্ড স্টিভেন মারকাস সারা মাঠ দৌড়ে খেলেছেন। এমন একজন খেলোয়াড় নেই শেখ জামালে, গোটা বাংলাদেশেও। বড় পার্থক্যটা আসলে এখানেই।