বোমা হামলার পর একাত্ম ডর্টমুন্ড-মোনাকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা হওয়ার কথা ছিল পরশু। হয়নি। সন্ধ্যায় বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়েরা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মোনাকোর বিপক্ষে খেলতে বাসে করে যাচ্ছিলেন নিজেদের স্টেডিয়ামে। কিন্তু রওনা দেওয়ার খানিক পরই বাসের কাছে বোমা বিস্ফোরণ! একটি নয়, পরপর তিনটি! এত কাছে বিস্ফোরণ হয় যে সঙ্গে সঙ্গেই ভেঙে যায় কেঁপে ওঠা বাসের জানালার অনেক কাচ।
ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার হাতে আঘাত লাগায় তাঁকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার লেগেছে হাতে। তবে ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভালোই আছেন বার্ত্রা। অন্য কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ডর্টমুন্ড পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কাল বলা হয়েছে, টিম বাস লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে তাঁদের সন্দেহ। ডয়েচে ভেলেসহ জার্মানির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, রাস্তার পাশে একটি ঝোপের ভেতরে বিস্ফোরকগুলো লুকিয়ে রাখা হয়েছিল। জার্মান পুলিশের দাবি, ঘটনাস্থলের কাছে পাওয়া একটি চিঠি তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিক আতঙ্ক তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত ফুটবলের কাছে হার মেনেছে সন্ত্রাস। জয় হয়েছে বন্ধুত্বের।
হামলার পরই ঘোষণা দেওয়া হয়েছিল, ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল সেই ম্যাচ হয়েছেও। তবে এরই মাঝে ঘটে যাওয়া কিছু ঘটনায় খুশি হবেন পৃথিবীর সব ফুটবলপ্রেমী।
সিগন্যাল ইদুনা পার্কে বোমা হামলার খবরটা এসে পৌঁছানোর পর মোনাকোর সমর্থকেরা ‘ডর্টমুন্ড, ডর্টমুন্ড’ বলে স্লোগান দিয়েছেন জার্মান ক্লাবটির সঙ্গে সংহতি জানিয়ে। ম্যাচ পিছিয়ে যাওয়ায় অতিথি মোনাকো সমর্থকদের জন্য অপরিকল্পিতভাবে ডর্টমুন্ডে বাড়তি এক দিন থাকা, হঠাৎ করে হোটেল বা মাথা গোঁজার ঠিকানা বের করে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড।
ম্যাচ পেছাচ্ছে, এ ঘোষণার পরপরই ডর্টমুন্ডের আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে টুইট আসে মোনাকো সমর্থকদের উদ্দেশে। ‘বেডফরঅ্যাওয়েফ্যানস’ নামে একটি হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, যাঁরা থাকার জায়গা খুঁজছেন, তাঁরা এই হ্যাশট্যাগ দিয়ে দয়া করে টুইট করুন। ডর্টমুন্ড সমর্থকেরাও যে যাঁর মতো করে এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করতে থাকেন, কার বাসায় কতজনের থাকার জায়গা আছে তা জানিয়ে। মোনাকো সমর্থকদের সঙ্গে একসঙ্গে থাকা ও খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করেছেন অনেক ডর্টমুন্ড সমর্থক৷
ডর্টমুন্ড সমর্থকদের এই উদ্যোগের প্রশংসা করেছে মোনাকো৷ দুই ক্লাবের সমর্থকদের বন্ধুত্বের কিছু ছবি দিয়ে মোনাকোর টুইট—‘এটাই ফুটবল’। এএফপি, ডয়েচে ভেলে।

মোনাকোর জয়
এক দিন পিছিয়ে যাওয়া ম্যাচটিতে কাল স্বাগতিক ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে মোনাকো। মোনাকোর হয়ে দুই গোল করেছেন কিলিয়ান বাপ্পে। অন্য গোলটি আত্মঘাতী। ডর্টমুন্ডের হয়ে গোল করেছেন ডেম্বেলে ও শিনিজি কাগওয়া। এএফপি।