বোতল নিক্ষেপ এবং অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুসকেটসের হাতে ধরা বোতলটিই ছুড়ে মেরেছিলেন ভ্যালেন্সিয়া-সমর্থকেরা, যেটি গায়ে লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন নেইমার ও সুয়ারেজ। এ ঘটনা নিয়ে এখন তোলপাড় স্প্যানিশ ফুটবল l রয়টার্স
বুসকেটসের হাতে ধরা বোতলটিই ছুড়ে মেরেছিলেন ভ্যালেন্সিয়া-সমর্থকেরা, যেটি গায়ে লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন নেইমার ও সুয়ারেজ। এ ঘটনা নিয়ে এখন তোলপাড় স্প্যানিশ ফুটবল l রয়টার্স

বার্সেলোনার খেলোয়াড়েরা গোল উদ্‌যাপন করছিলেন, এমন সময় খালি একটা বোতল এসে পড়ে ভ্যালেন্সিয়া গ্যালারি থেকে। পড়ে নেইমারের মাথায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাশাপাশি মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়েন লুইস সুয়ারেজ ও হাভিয়ের মাচেরানোও। পরে লিওনেল মেসি সতীর্থদের ওপর ‘হামলা’র জন্য ভ্যালেন্সিয়া সমর্থকদের উদ্দেশে করলেন চিৎকার-চেঁচামেচি।
২২ অক্টোবর ভ্যালেন্সিয়ার মাঠে শেষ মুহূর্তে মেসির পেনাল্টি গোলে জেতে বার্সা (৩-২)। এরপরই ভ্যালেন্সিয়া সমর্থকদের ওই আচরণ। এ ঘটনায় কেউ সমালোচনা করছেন বার্সা খেলোয়াড়দের অতিনাটকীয়তার, কারও কাঠগড়ায় ভ্যালেন্সিয়া সমর্থকদের আচরণ। কিন্তু স্প্যানিশ লিগের সভাপতি হাভিয়ের তেবাস কীভাবে কোনো পক্ষ নেন? বার্সার খেলোয়াড়দের সমালোচনা করেছেন তিনি, এ জন্য তাঁর বিরুদ্ধে স্পেনের ক্রীড়া আদালতে অভিযোগও করেছে কাতালান ক্লাবটি।
এ ঘটনায় ভ্যালেন্সিয়ার মাত্র ১ হাজার ৫০০ ইউরো জরিমানা হয়েছে। তবে তেবাস সমালোচনা করেছেন বার্সেলোনা খেলোয়াড়দেরও। নেইমার-সুয়ারেজদের ‘স্কিটলসের মতো পড়ে যাওয়ার (বোলিং খেলায় বলের আঘাতে পিনগুলো পড়ে যাওয়া)’ সমালোচনা করে তেবাস বলেছেন, তিনি নিজে অমন করে পড়লে লজ্জিত হতেন। এ নিয়েই খেপেছে বার্সা, অভিযোগ করেছে ক্রীড়া আদালতে। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বলেছেন, ‘তেবাসের বক্তব্য পুরোপুরিই দায়িত্বজ্ঞানহীন, একজন ক্রীড়া নির্বাহীর জন্য যা মোটেও মানানসই নয়।’

বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা বলেছেন, ‘মেস্তায়ায় (ভ্যালেন্সিয়ার মাঠ) অমন গোলের পরও যদি উদ্‌যাপন করা না যায়, তাহলে বার্সেলোনা হয়তো আর কোনো গোলই উদ্‌যাপন করবে না।’ তেবাসের মন্তব্যেরও সমালোচনা করেছেন, ‘আমরা বিস্মিত, কারণ লা লিগার সভাপতি হিসেবে তাঁর খেলোয়াড়দেরই সুরক্ষা দেওয়া উচিত, যাঁরা কিনা লিগের অংশ।’ রয়টার্স, মার্কা।