বোনাসের টাকা চেয়ে বার্সেলোনার বিপক্ষে অভিযোগ ভিদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভিদাল। ছবি: এএফপি
ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভিদাল। ছবি: এএফপি

বার্সেলোনার কাছে বোনাসের টাকা চেয়ে মামলা করার ঘটনা নতুন কিছু নেই। বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পরই বকেয়া বোনাসের কথা বলে মামলা করেছেন নেইমার। এ মৌসুমে নেইমারের বার্সেলোনার ফেরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও মামলাটা জাগিয়ে তোলা হয়েছে। এবার বোনাসের কথা বলে বার্সেলোনার বিপক্ষে অভিযোগ তুলেছেন আর্তুরো ভিদালও।

নেইমার তবু বার্সেলোনা ছাড়ার পর মামলা করেছেন। কিন্তু চিলিয়ান মিডফিল্ডার এখনো বার্সেলোনাতেই খেলছেন। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আঁতোয়ান গ্রিজমানের পর লা লিগায় দলের সর্বোচ্চ গোলদাতাও ভিদাল। এরই মাঝে ৫ গোল করা ভিদাল এখন এক রেকর্ড গড়ার অপেক্ষায়। গত এক দশকে বার্সেলোনার হয়ে কোনো মিডফিল্ডারের সর্বোচ্চ গোলের রেকর্ড ১১টি। সেটাও ‘ফলস নাইন’ হিসেবে খেলে করেছিলেন সেস্ক ফ্যাব্রিগাস। কিন্তু এমন ফর্মেও যে সুখী নন ভিদাল, সেটা বোঝা গেছে তাঁর নতুন অভিযোগে।

লা লিগা ও স্প্যানিশ ফুটবলারদের সংগঠন এএফইর কাছে একটি অভিযোগ তোলা হয়েছে, বলা হয়েছে গত মৌসুমের জন্য ৪.১ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা ভিদালের। কিন্তু বার্সেলোনা মাত্র ১.৭ মিলিয়ন ইউরো দিয়েছে এই মিডফিল্ডারকে। ২.৪ মিলিয়ন ইউরো চেয়ে তাই অভিযোগ তোলা হয়েছে বার্সেলোনার বিপক্ষে। স্প্যানিশ পত্রিকা এবিসি-ই জানিয়েছে এ খবর।

বার্সেলোনা অবশ্য অন্য দাবি করছে। এ মৌসুমে ৫ গোল করলেও মাত্র ৫২৪ মিনিট মাঠে ছিলেন ভিদাল। খেলার সুযোগ কম পাওয়ায় এই মিডফিল্ডার প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা জানিয়েছে। ইতালিয়ান সাংবাদিকদের দাবি প্রিয় কোচ আন্তোনিও কন্তের ইন্টার মিলানেও যাওয়ার ব্যাপারে পাকা কথা দিয়ে ফেলেছেন ভিদাল। এ জানুয়ারিতেই যেন যেতে পারেন, সে চাপ বাড়াতেই এভাবে অভিযোগ তোলা হচ্ছে।

বড়দিনের ছুটিতে এখন চিলিতে আছেন ভিদাল। সেখানে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সংবাদমাধ্যম এডিএনকে বলেছেন, ‘এটা তো আমার দেখার বিষয় না। এটা আমার এজেন্ট আর আইনজীবী দেখে। তারাই বোনাস ও এ–সংক্রান্ত ব্যাপার সামলায়। যদি প্রাপ্য টাকা না দেওয়া হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অন্যায়।’ আর ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জনে রহস্য রেখে দিয়েছেন ভিদাল, ‘আগেও বলেছি এ ব্যাপারে কথা বলব যখন স্পেনে যাব তখন। আপাতত আমি ছুটিতে আছি।’