বোমা হামলায় প্রাণ গেল ফিলিস্তিনের ফুটবলারের

গাজায় ইসরায়েলের নির্মম হামলায় প্রতিদিনই মারা যাচ্ছেন ফিলিস্তিনের নিরীহ বেসামরিক মানুষ। গত বুধবার ইসরায়েলের আরেক দফা বোমা হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের সাবেক এক ফুটবলারও।
আহেদ জাকোতকে অনেকেই বিবেচনা করতেন ফিলিস্তিনের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। গত বুধবার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থাতেই বোমা হামলার শিকার হন ফিলিস্তিনের সাবেক এই ফুটবলার। গাজার ক্রীড়া সাংবাদিক খালেদ জহর বলেছেন, ‘ফিলিস্তিন হারাল তাদের অন্যতম সেরা এক খেলোয়াড়কে। তিনিই সম্ভবত ফিলিস্তিনের সেরা মিডফিল্ডার ছিলেন।’
খেলোয়াড়ি জীবনে ফিলিস্তিনের যুবদলের অধিনায়কত্ব করেছিলেন জাকোত। ১৯৯৪ সালে ফরাসি তারকাদের বিপক্ষে এক প্রীতিম্যাচেও অংশ নিয়েছিলেন। সেই ম্যাচে খেলেছিলেন মিশেল প্লাতিনির মতো ফরাসি কিংবদন্তিরা।
ফুটবল থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ৪৯ বছর বয়সী জাকোত। ফিলিস্তিনের জাতীয় টেলিভিশনে একটা ক্রীড়াবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করতেন এই সাবেক ফুটবলার।— রয়টার্স