বোমাতঙ্ক! আহত ২০০ জুভেন্টাস সমর্থক

খেলা তখনো শেষ হয়নি। তুরিনের পিয়াজ্জা সান কার্লো নামের সেই এলাকাটিতে তখন পিনপতন নিস্তব্ধতা। দুঃখে, শোকে! ফাইনালে উঠেও হাতছাড়া হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের আরও একটি শিরোপা। বড় পর্দার দিকে শূন্য দৃষ্টি দিয়ে জুভেন্টাস সমর্থকেরা তখন ব্যস্ত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে। ঠিক এমন সময়ই ঘটে গেল দুঃখজনক ঘটনাটি। বাজির আওয়াজকে বোমা বিস্ফোরণ মনে করে এদিক-ওদিক ছোটাছুটিতে আহত হলেন সমর্থকেরা।
পুলিশ জানিয়েছে, ‘বাজির আওয়াজকে বোমার আওয়াজ মনে করে এদিক-ওদিক ছুটতে শুরু করেন জুভেন্টাস সমর্থকেরা। এ সময় মানুষের চাপে একটি আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং স্থলের লোহার রেলিং ভেঙে গেলে আহত হন বেশির ভাগ মানুষ। এই ঘটনায় প্রায় ২০০ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।’
তুরিনের এই ঘটনা ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ১৯৮৫ সালে ইউরোপীয় কাপের ফাইনালের কথা। ‘হেসেল বিপর্যয়’ নামে কুখ্যাত সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৯ জন জুভেন্টাস সমর্থক। বেলজিয়ামের হেসেল স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে জুভেন্টাসের ইউরোপীয় কাপ ফাইনাল শুরুর আগের মুহূর্তে সেই প্রাণহানির ঘটনাটি ঘটেছিল। সূত্র: এএফপি