বোল্টকে ছাড়িয়ে মেসি-রোনালদো হওয়ার পথে

>আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচে কী না করেছেন তরুণ এমবাপ্পে? জোড়া গোল করা ছাড়াও আর্জেন্টিনার রক্ষণভাগকে তছনছ করে দেওয়ার সব বন্দোবস্তই করেছেন সাড়ে উনিশ বছর বয়সের এই তরুণ
যদি তাঁকে আগে কারও না-ও চেনা থাকে, পরশু রাতে কিলিয়ান এমবাপ্পেকে তিনি ভালোভাবেই চিনেছেন। আর্জেন্টিনাকে, লিওনেল মেসিকে বলতে গেলে একাই বিশ্বকাপ থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার। চোখধাঁধানো গতি, খুনে মানসিকতায় দুই গোলের পর তাঁর সারল্য ছড়িয়ে দেওয়া হাসি...আর্জেন্টিনার বিপক্ষে পরশু শেষ ষোলোয় এমবাপ্পে ঠাঁই পেয়ে গেছেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে।
রেকর্ড বইয়ের পাতায় সেরাদের পাশেও। চারদিকে ঝরছে প্রশংসার বৃষ্টি। তুলনা হচ্ছে বিশ্ব ফুটবলের সেরাদের সঙ্গে। প্রশ্নও উঠে গেছে—তবে কি এমবাপ্পেই আগামী দিনের ফুটবলের রাজা? ফ্রান্সকে পেনাল্টিটি এনে দেওয়ার আগের দৌড়ে এমবাপ্পের গতি ছিল ঘণ্টায় ৩৮ কিলোমিটার, যা ১০০ মিটার দৌড়ে কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের গড় গতির চেয়ে বেশি।
পরশু একই দিনে মেসি-রোনালদোর বিশ্বকাপ মঞ্চ ছেড়ে যাওয়া, আর সেই দিনেই ফরাসি বিস্ময়বালকের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আগমনী বার্তা ঘোষণা...সব মিলিয়ে ব্যাপারটাতে একটা প্রকৃতিপ্রদত্ত ইঙ্গিত তো চাইলে খুঁজে নেওয়াই যায়। ইংল্যান্ডের পত্রিকা সানডে টাইমস-এর শিরোনামটাও নজর কাড়বে, ‘এক পাশে সরে যাও, মেসি! বিশ্বকাপ নতুন একজন বিশ্বমাতানো সুপারস্টার পেয়ে গেছে!’ আর ফ্রেঞ্চ ক্রীড়াদৈনিক লে’কিপ লিখেছে, ‘এই ম্যাচে ও-ই ছিল মেসি!’
এত কিছুর মধ্যে এমবাপ্পে কেমন আছেন? আগের মতোই। যা বলার মাঠে বল পায়েই, মাইক্রোফোনের সামনে একই রকম বিনয়ী।
বিশ্বকাপ সর্বশেষ কোনো টিনএজারের (১৩ থেকে ১৯) পায়ে দুই গোল দেখেছে ১৯৯৮ বিশ্বকাপে। এমবাপ্পের জন্মই হয়েছে ইংল্যান্ডের মাইকেল ওয়েনের সেই কীর্তির মাস কয়েক পর। তা সেটা তো পুরো টুর্নামেন্টে, আর একই ম্যাচে জোড়া গোল? সেই কীর্তি খুঁজতে যেতে হবে ৬০ বছর আগে। ১৯৫৮ বিশ্বকাপে যে কীর্তি কিংবদন্তি পেলের! এত দিন পর কীর্তিতে পাশে পাওয়া সঙ্গীকে পরশু অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তিও, টুইটে মজা করে লিখেছেন, ‘অভিনন্দন, কিলিয়ান এমবাপ্পে। এত কম বয়সে বিশ্বকাপে দুই গোল তোমাকে দারুণ সঙ্গই এনে দিচ্ছে। অন্য ম্যাচগুলোর জন্য তোমাকে শুভকামনা, শুধু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছাড়া!’
আর এমবাপ্পে? পেলের কীর্তির কথা মনে করিয়ে দিতেই ম্যাচের তারুণ্যের ভয়ংকর সুন্দর উচ্ছ্বাস ছড়ানো সেই খেলোয়াড়ের বদলে দেখা মিলল ঠান্ডা মাথার পরিণত এমবাপ্পের, ‘পেলের পর দ্বিতীয় হওয়াটা অনেক আনন্দের। তবে এ নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। পেলে অন্য মাপের একজন, তবে এ রকম কারও পাশে বসতে পারাটাও খুব ভালো।’
এক ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড–সঙ্গী হয়েছেন, আর পরশুর এমবাপ্পের মধ্যে অনেকে খুঁজে পাচ্ছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর তরুণ বয়সের ছায়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমকেও সে নিয়ে প্রশ্ন হতেই অবশ্য একটু মজাও হয়েছে। সাংবাদিকের প্রশ্নে দেশমের পাল্টা প্রশ্ন, ‘কোন রোনালদো? আপনাদের সময়ের (ক্রিস্টিয়ানো রোনালদো) না আমাদের সময়ের (ব্রাজিলিয়ান রোনালদো)?’ ১৯৯৮-তে রোনালদোর ব্রাজিলকে হারিয়েই ফ্রান্সের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপটা হাতে তুলেছিলেন সেই দলের অধিনায়ক ও ডিফেন্ডার দেশম। তো ‘দেশমের সময়ের’ রোনালদোর সঙ্গে এমবাপ্পের তুলনা হচ্ছে নিশ্চিত হতেই ফ্রেঞ্চ কোচ একটু ‘রক্ষণাত্মক’, ‘রোনালদো একজন বিশ্ব চ্যাম্পিয়ন। এমবাপ্পে অনেক মানসম্পন্ন খেলোয়াড়, কিন্তু ওর এখনো মাত্র ১৯ চলছে।’
এখনো ‘মাত্র ১৯’ বলে কী বুঝিয়েছেন দেশম? এটাই কি, বিশ্বসেরা হওয়ার পথে এমবাপ্পের যাত্রা মাত্রই শুরু? হয়তো তাই। তবে এমবাপ্পের প্রতিভার স্বীকৃতি দিতে গিয়ে এই ফ্রান্সের বড় তারকা পল পগবা তো ‘হার’ই মেনে নিলেন, ‘কিলিয়ানের প্রতিভা আমার চেয়েও বেশি। ও এই বয়সে কী করছে দেখেছেন? নাহ্, এই প্রতিভা আমার কখনো ছিল না।’ আর আঁতোয়ান গ্রিজমানের বিশ্বাস, ‘কিলিয়ানের শক্তি আছে, গতি আছে। ও অবিশ্বাস্য খেলেছে। এভাবে চালিয়ে যেতে পারলে অনেক দূর যাবে।’ যে প্রতিশ্রুতি পরশু ম্যাচ শেষে এমবাপ্পেও দিয়েছেন, ‘এটা অসাধারণ একটা টুর্নামেন্ট। বিশ্বের সব বড় নাম এখানে আছে, নিজেকে প্রমাণের জন্য এর চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা থামিয়ে দেব না।’
দেওয়া উচিতও হবে না। ভবিষ্যৎ ‘মেসি-রোনালদো’ হতে হবে না!