বোল্টকেও কাঁদাচ্ছে এই ইউনাইটেড
নিরপেক্ষ দর্শকও কাল ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম ম্যাচ দেখে হতবাক হয়ে গেছেন। নিজেদের মাঠে ইউনাইটেড কখনো প্রথমার্ধে ৪ গোল খেয়েছে, এমনটা কে কবে শুনেছে? ৯০ মিনিট দীর্ঘ যন্ত্রণা শেষে ৬-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছেন ওলে গুনার সুলশার ও তাঁর দলবল। কাল তাই ভয়ংকর এক দিন পার করেছেন ইউনাইটেড সমর্থকেরা।
বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট এঁদেরই একজন। পাড় ইউনাইটেড সমর্থক এক সময় এ জার্সি পরে মাঠে নামার স্বপ্নও দেখতেন। স্প্রিন্টার হিসেবে ক্যারিয়ার শেষে ফুটবলের বুট পরেছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করে অস্ট্রেলিয়ায় এক মৌসুম খেলেছেনও। কিন্তু পেশাদার ফুটবলে জায়গা করতে পারেননি। ফলে ইউনাইটেডের খেলোয়াড় হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাঁর। সে দুঃখ এখন যন্ত্রণায় রূপ নিয়েছে। ভক্ত হিসেবেও যে ইউনাইটেডের খেলা গ্রহণ করা দিন দিন কঠিন হয়ে উঠছে তাঁর জন্য।
গতকালই দুটি সুখবর পেয়েছে ইউনাইটেড। বহু দর-কষাকষির পর পোর্তো থেকে অ্যালেক্স তেল্লেসকে কিনেছে রেড ডেভিলরা। এই ব্রাজিলিয়ান লেফটব্যাকের সঙ্গে যোগ দিচ্ছেন স্ট্রাইকার এডিনসন কাভানিও। কিন্তু ইউনাইটেডের মূল সমস্যা তো সেন্টারব্যাকে। ৮ কোটি পাউন্ডে কেনা হয়েছিল হ্যারি ম্যাগুয়ারকে। তাঁকে দলের অধিনায়কও বানানো হয়েছে। তাঁর যোগ্য সঙ্গী খুঁজে পাচ্ছে না ইউনাইটেড। কখনো ভিক্টর লিন্ডেলভ, কখনো এরিক বাইয়ি নামছেন তাঁর সঙ্গে। কিন্তু প্রতিপক্ষের গোল আটকাতে পারছে না তারা। কিন্তু ইউনাইটেডের মূল ভরসা ম্যাগুয়ারের ওপরও যে আস্থা রাখা কঠিন হয়ে উঠছে দিন দিন। গতকাল ২ মিনিটে এগিয়ে যাওয়া ইউনাইটেড ১০ মিনিট পেরোনোর আগেই খেয়ে বসেছে দুই গোল। দুটিতেই ভূমিকা ছিল ম্যাগুয়ারের।
৩০ মিনিটে বক্সে টিকিটাকা খেলতে গিয়ে আরেকটি গোল খেয়েছেন ম্যাগুয়ার ও বাইয়ি। ৩৭ মিনিটে ওই ম্যাগুয়ারের দুই পায়ের ফাঁক দিয়ে যাওয়া পাস থেকেই গোল করেছেন সন। প্রথমার্ধেই ৪ গোল খাওয়া দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি উসাইন বোল্ট। সর্বকালের সেরা ফিল্ড অ্যান্ড ট্র্যাক অ্যাথলেট। টুইট করেছেন, হায়... হায়... বলে।
ম্যাচ যত এগিয়েছে তত দীর্ঘশ্বাস বেড়েছে বোল্টের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নিয়েছে টটেনহাম। ৮০ মিনিটের মধ্যে স্কোরলাইন হয়েছে ৬-১। স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় ইউনাইটেডের ভক্ত হওয়া বোল্টের পক্ষে নিজেকে আটকে রাখা কঠিন ছিল এর পর। টুইটারে সাধারণ এক দর্শকের মতোই নিজের হতাশা উগরে দিয়েছে, আমি এই অনুভূতির সঙ্গে পরিচিত না। আমি এই অনুভূতি গ্রহণ করতে রাজি নই, এ অনুভূতির সঙ্গে অভ্যস্ত হতেও রাজি না। এতেও যেন শান্তি পাচ্ছিলেন না। নতুন এক টুইটে বিখ্যাত এক গানের উক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থা, ক্রাই মি রিভার (উচ্চৈঃস্বরে কাঁদছি)।
ইউনাইটেড এবার যেমন খেলছে তাতে বোল্টের এমন দীর্ঘশ্বাস ফেলার সঙ্গে পরিচিত থাকাই ভালো। মাত্র তিন ম্যাচ হয়েছে লিগে। এর মধ্যেই দুই ম্যাচ হেরেছে তারা। এ তিন ম্যাচেই খেয়েছে ১১ গোল। ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো মৌসুমের প্রথম তিন ম্যাচে ১১ বা এর বেশি গোল খেয়েছে ইউনাইটেড। ১৯৩০-৩১ মৌসুমের ১৩ গোলের স্মৃতির কথা তোলা হলে আঁতকে উঠবেন ইউনাইটেড সমর্থকেরা। কারণ সেবার অবনমিত হয়েছিল ইউনাইটেড। এ যুগে তেমন কিছু হওয়ার সম্ভাবনা হয়তো নেই, কিন্তু আজ দলবদলের শেষ দিনে নতুন কোনো সেন্টারব্যাক কেনার মতো অভাবনীয় কিছু করতে না পারলে এ মৌসুমে এমন অনেক হতাশার রাতই পার করতে হবে বোল্টের মতো হাজারো ইউনাইটেড সমর্থকদের।