বোয়েটাংকে ওজিলের পাল্টা

একটু বেশি চাছাছোলাই হয়ে গিয়েছিল কথাটা। জার্মানি ওই ম্যাচে গোল পায়নি, জেরোম বোয়াটেং নিজের অসন্তোষ জানাতেই বলেছিলেন কথাটা। জবাবে সতীর্থ বোয়াটেংকে একটা খোঁচাই দিলেন মেসুত ওজিল।
পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরেই বোয়াটেং নিজেদের আত্মসমালোচনা করেছেন। ওই ম্যাচে জার্মানি গোলের তেমন একটা সুযোগই পায়নি। পরে বোয়াটেং সরাসরিই বলে দিয়েছিলেন, ‘আক্রমণে আমরা ওয়ান-ওয়ান-ওয়ানে কিছু জিততে পারিনি। খুব বেশি ভেতরেও ঢুকতে পারিনি। যত দূর পেরেছি, সেটা যথেষ্ট ছিল না। আমাদের আরও শট নিতে হবে। ফাইনাল থার্ড পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর প্রতিপক্ষকে আমরা পেরিয়ে যেতে পারছি না। আমাদের আরও উন্নতি করতে হবে, নইলে আমরা বেশিদূর যেতে পারব না।’
বোয়াটেংয়ের কথাটা পছন্দ না হলেও হজম করতে হয়েছে মুলার, গোটশেদের। ওই ম্যাচে যে জার্মানি আসলেই বিবর্ণ ছিল। তবে ওজিলকে কাল সেই কথা আবার মনে করিয়ে দিতে তিনি আর চুপ থাকতে পারলেন না ‘ওটা তার মত। কীভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে হয়, সেটা তো সে ভালোই জানে।’
বোয়াটেং একজন ডিফেন্ডার, আক্রমণ তাঁর কাজ নয়। ওজিল কি প্রকারান্তরে বোয়াটেংকে ‘নিজের চরকায় তেল দাও’ কথাটাই বললেন?