খেলোয়াড় হিসেবে তিনি সময়ের সেরাদের একজন। বিশ্বের যেকোনো কোচই নেইমারকে দলে পেলে খুশি হবেন। ব্যতিক্রম নন ব্রাজিলের অলিম্পিক কোচ রোজেরিও মিকালেও। কদিন আগেই নেইমারের ওপর নির্ভরতার কথা খোলাখুলি বলেছেন, আরও একবার অধিনায়কের প্রশংসা মিকালের মুখে। তবে এবারের প্রশংসা শুধু খেলোয়াড় নেইমার নন, ব্যক্তি নেইমারেরও।
ব্রাজিলের প্রথম অলিম্পিক সোনার স্বপ্ন-সারথি নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডের ব্যক্তিত্বের কারণেই তাঁকে অধিনায়ক করতে দ্বিতীয়বার ভাবেননি মিকালে, ‘নেইমার আমার প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। সবাই ওকে পছন্দ করে। অনেক ভালো ছেলে, মনও অনেক বড়। বিশেষ করে, তরুণ খেলোয়াড়দের প্রতি।’ প্রাণোচ্ছল ব্যক্তিত্বে এরই মধ্যে সতীর্থদের মনও জিতে নিয়েছেন নেইমার। মিকালেই বললেন, ‘ও দেখিয়েছে, দুর্দান্ত একজন খেলোয়াড়ের চেয়েও ও বেশি কিছু। অসাধারণ একজন মানুষ, যাকে সবাই ভালোবাসে।’
তবে এত প্রশংসা, কোচের অতি-নির্ভরতা শঙ্কাও জাগাচ্ছে, রিও অলিম্পিকে ব্রাজিল না আবার ‘ওয়ান-ম্যান-টিম’ হয়ে যায়! ব্রাজিল কোচ অবশ্য এ নিয়ে বিন্দুমাত্রও ভাবিত নন, ‘আমি নেইমারের ওপরই নির্ভরশীল হতে চাই। বিশ্বের কোন কোচ নেইমারকে দলে পেলে সেটি চাইবেন না?’ এএফপি।