মাত্র ১ পয়েন্ট।
ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের মাঝে ব্যবধানটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনেছে লিভারপুল।
আর্সেনালের মাঠে ২-০ গোলের জয়ে ২৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের সংগ্রহ দাঁড়াল মোট ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
দুই দলের হাতে আছে আর ৯টি করে ম্যাচ। এই বাকি পথটুকুতে রোলার কোস্টারে চড়ার মতো অভিজ্ঞতা হলে অবাক হওয়ার কিছু নেই।
যেমন অবাক হওয়ার কিছু নেই লিগে লিভারপুলের টানা নবম জয়েও। শিরোপা দৌড়ে সিটিকে এক ইঞ্চিও ছাড় না দিতে মরিয়া হয়ে উঠেছে ক্লপের দল। তবে আজ নিজেদের মাঠে প্রথমার্ধে আর্সেনালই প্রভাব বিস্তার করে খেলেছে।
থিয়াগো আলকান্ত্রার ভুল ব্যাকপাস থেকে গোলের সুযোগ পেয়েছেন আর্সেনালের নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। আলিসনের দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় লিভারপুল।
বিরতির পর ৫৪ মিনিটে ডিয়েগো জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল। দুই মিনিট পর মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে বদলি হিসেবে নামান লিভারপুল কোচ ক্লপ। ফলটা পান হাতেনাতে। ৬২ মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে নিখুঁত ফ্লিকে গোল করেন জোতার বদলি হয়ে নামা ফিরমিনো।
জয়ের পর বেশ উচ্ছ্বাস দেখান ক্লপ। ১০ এপ্রিল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তাঁর দল। তার আগে নিজেদের কাজটা সেরে রাখার ধারাবাহিকতা ধরে রাখতে পারায় ক্লপের খুশি হওয়াই স্বাভাবিক, ' যে পরিস্থিতির মধ্যে পড়েছি এবং শিরোপা জয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে।'
২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এখনো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে মিকেল আরতেতার দল। ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। রালফ রাংনিকের দলের চেয়ে ২ ম্যাচ কম খেলার সুবিধাও আছে আর্সেনালের।
খেলোয়াড়দের পারফরম্যান্সের ছাপ স্কোরবোর্ডে পড়েনি বলে মনে করেন দলটির কোচ আরতেতা, 'ফলটা পারফরম্যান্সের প্রতি সুবিচার করছে না। বক্সে তারা (লিভারপুল) বেশি ভালো ছিল এবং দুটি গোল আদায় করে নেয়। দলকে অভিনন্দন জানিয়েও বলতে হচ্ছে, আমরা জিততে পারিনি।'
অন্য ম্যাচে ব্রাইটনের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও দ্বিতীয়ার্ধে হ্যারি কেইন গোল করেন। ওয়েন রুনিকে টপকে প্রিমিয়ার লিগে ‘অ্যাওয়ে’ ম্যাচে সর্বোচ্চ ৯৫ গোলের রেকর্ড গড়েছেন কেইন।