ব্যর্থতায় অনেক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুসময় বড় এক মহৌষধ, সমস্যার জটাজাল তখন চোখে পড়ে না। আর খারাপ সময়ে কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না। কে ভেবেছিল, মাস পাঁচেক আগেই টানা ২২ ম্যাচ জিতে উড়তে থাকা রিয়াল মাদ্রিদই রিক্ত হাতে মৌসুম শেষ করতে যাওয়ার পথে? কোপা ডেল রের আশা আগেই শেষ, লা লিগারটা না থাকার মতোই। পরশু চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর বার্নাব্যুতে এখন অস্থিরতা।
সেটা অবশ্য জমতে শুরু করেছিল কদিন ধরেই। গ্যারেথ বেলের এজেন্ট অভিযোগ করে বসলেন, রিয়াল উইঙ্গারের সঙ্গে সতীর্থরা ঠিকঠাক সহযোগিতা করছেন না। বেলের পারফরম্যান্সে অসন্তুষ্ট রিয়াল ‘হান্ড্রেড মিলিয়নম্যানকে’ বিক্রি করে দিতে পারে, এমন গুঞ্জনও ভাসতে শুরু করল। পরশু নিষ্প্রভ বেল সেই গুঞ্জনের পালে যেন জোর হাওয়াই দিলেন। ম্যাচ শেষেই যতই বলুন, ‘আহত হলে আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। আমার মনে হয় আমার ফিনিশিংটা এ বছর ভালো হয়নি। পরের বছর ওটা আমি আরও ভালো করতে চাই’, বেল সামনের মৌসুমে সেই সুযোগ পাবেন কিনা সন্দেহ।
পরশু মাঠেও সমর্থকদের দুয়ো শুনেছেন। পরে ম্যাচ শেষে গাড়ি নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময়ও পড়েছেন ভক্তদের রোষের কবলে।
কার্লো আনচেলত্তি বেলকে রাখবেন কি না সেটা নিয়ে তর্ক হতে পারত। কিন্তু ইতালিয়ান কোচ নিজেই থাকবেন কি না সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। লা ডেসিমা এনে দিয়েছেন বটে, কিন্তু টানা দুই মৌসুমে লিগ শিরোপা রিয়ালের অধরাই থেকে যাচ্ছে। তার খানিকটা দায় তো কোচের ওপরও বর্তায়। দলের তারকা খেলোয়াড়দের টানা খেলিয়ে গেছেন। মৌসুমের সূচনায় অপ্রতিরোধ্য রিয়াল দ্বিতীয় ভাগে এসে নীল হয়েছে চোটের ছোবলে। ক্লান্তি যে রোনালদোদের জেঁকে ধরেছে, সেটা অস্বীকার করার উপায় নেই।
এই মৌসুমে রদ্রিগেজ, ক্রুসদের আনলেও ডি মারিয়া, আলোনসো, মোরাতাদেরও ছেড়ে দিয়েছে মাদ্রিদ। বেঞ্চের দুর্বলতাও চোখে পড়েছে পরশু, এক হাভিয়ের হার্নান্দেজ ছাড়া আনচেলত্তি কাউকেই বদলি হিসেবে নামাতে পারেননি। তার মানে বেঞ্চের বাকিদের ওপর ভরসা নেই রিয়াল কোচের?
ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই অনেক অপ্রিয় প্রশ্ন উঠল। আনচেলত্তি অবশ্য ক্লাবে থাকার ব্যাপারে আশাবাদী, ‘ক্লাব যদি আমাকে নিয়ে খুশি থাকে, তাহলে আমিও খুশিমনেই কাজ চালিয়ে যাব। আর তারা খুশি না হলে তো এটা হবে না। আমি থাকতেই চাই, কিন্তু আমি জানি ফুটবলে ব্যাপারগুলো কীভাবে কাজ করে। ক্লাব যখনই চায় তখনই কোচ বদল করতে পারে।’
শেষ কথাটায় কি কিছু ইঙ্গিত করলেন? এএফপি, এএস, মার্কা।