ব্যাংকক-কলঙ্ক, সেখান থেকে ইতিহাসের পাতায়

শিরোপা! এত বড় স্বপ্ন ক্লাবের মালিক কখনোই করেননি। এর প্রমাণ মিলবে গত বছরের ঘটনায়, যেবার একটুর জন্য অবনমন এড়াল লেস্টার সিটি। মালিক তাতেই মহা খুশি। দারুণ ‘সাফল্যে’ ক্লাবটির থাই মালিক গোটা দলকে নিয়ে গিয়েছিলেন ব্যাংককে এক শুভেচ্ছা সফরে। কিন্তু সেখানে গিয়ে লেস্টারের কয়েকজন খেলোয়াড় যে কাণ্ডটা করেছিলেন তাতে লজ্জায় মুখ লুকোনোই ছিল দায়। আর সেই ব্যাংকক-লজ্জার টালমাটাল থেকে দলে যেসব পরিবর্তন নিয়ে আসা হলো, তারই ফলাফল—লেস্টার আজ পৃথিবীর সবচেয়ে চমকে দেওয়া এক চ্যাম্পিয়ন!
গত মৌসুমে লেস্টারের ম্যানেজার নাইজেল পিয়ারসনের ছেলে জেমস পিয়ারসন ছিলেন দলের অন্যতম খেলোয়াড়। কিন্তু জেমস ব্যাংকক সফরে অভিযুক্ত হন অশ্লীল আচরণের দায়ে। বেশ কয়েকজন থাই নারীর সঙ্গে জেমসসহ তিন খেলোয়াড় হোটেলকক্ষে ‘সেক্স টেপ’ বানান। পরে যেটি ফাঁস হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা থাই নারীদের চোখ ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিদ্রূপ করছেন, সরস সব মন্তব্য ছুড়ে দিচ্ছেন।
সেটা তখন রীতিমতো বিতর্কের ঝড় তুলেছিল। থাইল্যান্ডের সাধারণ মানুষও ব্যাপারটিকে খুব ভালোভাবে নেয়নি। থাইল্যান্ডের মানুষ স্বাভাবিক ভাবেই অপমানিত হয়েছিলেন। লেস্টারকে নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ডে জনপ্রিয়তা বাড়াতে। তারাই ক্লাবটিকে করে তুলল অজনপ্রিয়।
ক্লাবের থাই মালিক ভিচাই শ্রীবাদ্ধানাপারাবা অবশ্য বেশ ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। থাইল্যান্ড সফরের পরপরই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন অশ্লীল আচরণের দায়ে অভিযুক্ত ফুটবলাররা। নাইজেল পিয়ারসনকে বরখাস্ত করে ইতালি থেকে নিয়ে আসা হয় ক্লদিও রানিয়েরিকে।
নাইজেল পিয়ারসনের বরখাস্ত হওয়াটা অবশ্য অনেকেই তখন ভালো চোখে দেখেননি। সে সময় অনেকেই পিয়ারসনকে দুঃসময়ের কান্ডারি হিসেবে অভিহিত করেছিলেন। বলেছিলেন, যে কোচ দলকে পয়েন্ট তালিকার একেবারে নিচ থেকে টেনে তুললেন, তিনি তাঁর প্রাপ্য সম্মানটুকু পেলেন না। সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার পর্যন্ত সে সময় নাইজেল পিয়ারসনের পক্ষ নিয়ে বলেছিলেন, ‘নাইজেলকে বরখাস্ত করে লেস্টার মালিকেরা প্রমাণ করলেন, না জেনে, না বুঝেই তাঁরা সবকিছু করছেন।’
রানিয়েরি এসে কথার চেয়ে কাজটাই বেশি করে দেখালেন। নিজের দুর্দান্ত অভিজ্ঞতাকে নিংড়ে দিলেন তিনি। বেশ কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বাদ দিলেন। কয়েকজন নতুন মুখকে দলে সই করালেন। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। পরের ইতিহাস তো সবারই জানা! থাইল্যান্ডের সেই ঘটনা না ঘটলে আগের মৌসুমে অবনমন বাঁচিয়ে দেওয়া কোচকে কি ছাঁটাই করত লেস্টার? শুরু হতো কি রানিয়েরি যুগ?
ব্যাংকক-কলঙ্ক শাপে বরই হয়েছে লেস্টারের জন্য! সূত্র: এএফপি।